বগুড়ার ধুনট উপজেলার দেউড়িয়া গ্রামে একটি মুরগির খামারের দূষিত বর্জ্য ফেলে চলাচলের রাস্তা বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি এবং কৃষিকাজে প্রতিবন্ধকতা তৈরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ সূত্রে জানা যায়, দেউড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে প্রায় এক একর জমির ওপর একটি মহিলা কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছিল। কলেজে যাতায়াতের সুবিধার্থে ২০১৮-১৯ অর্থবছরে প্রায় সাড়ে ১৮ লাখ টাকা ব্যয়ে একটি সেতুও নির্মাণ করা হয়। তবে কলেজটির অনুমোদন না পাওয়ায় সেখানে স্থানীয় ব্যবসায়ী কামরুল ইসলাম শাহিন একটি মুরগির খামার গড়ে তোলেন। স্থানীয়দের অভিযোগ, খামার নির্মাণের পর থেকে বর্জ্য ফেলে পাশের কাঁচা রাস্তাটি কার্যত বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে দেউড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীসহ আশপাশের কয়েকটি গ্রামের মানুষের চলাচল ব্যাহত হচ্ছে। একই সঙ্গে খামারের অবকাঠামোর কারণে বৈদ্যুতিক সেচ পাম্পের ড্রেন বন্ধ হয়ে যাওয়ায় কৃষকরা জমিতে সেচ দিতে পারছেন না। এতে প্রায় ২০ বিঘা আবাদি জমি চাষাবাদের বাইরে চলে যাওয়ার আশঙ্কা দেখা দেখা দিয়েছে। এ বিষয়ে শতাধিক এলাকাবাসীর স্বাক্ষরসংবলিত একটি অভিযোগ গত ২০ জুলাই উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জমা দেওয়া হয়েছে। স্থানীয়দের দাবি, একাধিকবার বিষয়টির সমাধানের চেষ্টা করেও কোনো ফল না পাওয়ায় তারা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। দ্রুত তদন্ত করে রাস্তা উন্মুক্ত করা, ড্রেন সচল রাখা এবং পরিবেশ দূষণ রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা। তবে অভিযোগ অস্বীকার করে খামারের মালিক কামরুল ইসলাম শাহিন বলেন, সরকারি অনুমোদন নিয়েই খামার স্থাপন করা হয়েছে এবং কোনো রাস্তা বন্ধ করা হয়নি। সেখানে আগে কোনো রাস্তা ছিল না বলেও তিনি দাবি করেন। ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ উল্লাহ নিজামী বলেন, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
10:09 pm, Saturday, 1 August 2026
শিরোনাম :
ধুনটে খামারের বর্জ্যে রাস্তা ও সেচব্যবস্থা বাধাগ্রস্ত, ইউএনওর কাছে অভিযোগ
-
MIT ERP
- Update Time : 08:51:57 pm, Saturday, 1 August 2026
- 4
Tag :
Popular Post























