বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষকদের দীর্ঘদিনের প্রত্যাশিত বদলি কার্যক্রম শিগগিরই শুরু হতে যাচ্ছে। এ জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি শেষ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এখন শুধু টেলিটকের কারিগরি প্রস্তুতি শেষ হওয়ার অপেক্ষা। শনিবার (১ আগস্ট) সন্ধ্যায় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন মাউশির মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল। তিনি জানান, বদলি কার্যক্রম চালুর জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। টেলিটকের পক্ষ থেকে সিগন্যাল পেলেই আবেদন গ্রহণের কার্যক্রম শুরু করা হবে। মাউশি ডিজি বলেন, ‘বেসরকারি শিক্ষকরা নিজ বাড়ি থেকে শত শত কিলোমিটার দূরে চাকরি করছেন। তাদের কষ্ট আমরা অনুধাবন করতে পারি। চেষ্টা করছি, যেন দ্রুত তাদের নিজ জেলার কাছাকাছি পাঠানোর ব্যবস্থা করা যায়।’ তিনি আরও বলেন, ‘৯৮ শতাংশ শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য পাওয়া গেছে। প্রায় দুই শতাংশ প্রতিষ্ঠানের তথ্য এখনো পাওয়া যায়নি। এ বিষয়ে আমরা নিয়মিত টেলিটকের সঙ্গে যোগাযোগ রাখছি।’ খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বলেন, টেলিটকের প্রস্তুতি শেষ হওয়ার পর মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য চিঠি পাঠানো হবে। মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পরই আনুষ্ঠানিকভাবে বদলি আবেদন গ্রহণ শুরু হবে। মাউশি সূত্র জানিয়েছে, বদলি আবেদনের জন্য সব এমপিওভুক্ত শিক্ষককেই পাসওয়ার্ড দেওয়া হবে। তবে নির্ধারিত শর্ত পূরণকারী শিক্ষকরা প্রাধান্য অনুযায়ী বদলির সুযোগ পাবেন। শর্ত অনুযায়ী, নিজ জেলা, স্বামী বা স্ত্রীর জেলা অথবা স্বামী-স্ত্রীর কর্মস্থলের কাছাকাছি এলাকায় বদলির সুযোগ বিবেচনা করা হবে। এ ছাড়া প্রতিটি স্কুল বা কলেজ থেকে সর্বোচ্চ দুইজন শিক্ষক বদলির সুযোগ পেতে পারেন। তবে একই বিষয়ে একাধিক শিক্ষক আবেদন করলে সেক্ষেত্রে একজনকে সুযোগ দেওয়া হবে। মাউশির এক কর্মকর্তা জানান, আবেদন করার সুযোগ সবাইকে দেওয়া হলেও বদলি নির্ভর করবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শূন্য পদের ওপর। তিনি বলেন, ‘যতগুলো শূন্য পদ থাকবে, ততজন শিক্ষকই বদলির সুযোগ পাবেন।’ দীর্ঘদিন ধরে নিজ বাড়ির বাইরে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের জন্য এই উদ্যোগটি স্বস্তি বয়ে আনবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আবেদন প্রক্রিয়া শুরু হলে নির্ধারিত নিয়ম মেনে শিক্ষকরা কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে বদলির জন্য আবেদন করতে পারবেন।
1:24 am, Monday, 3 August 2026
শিরোনাম :





















