শেরপুরের নালিতাবাড়ীতে পশুর স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই অসুস্থ ও মৃতপ্রায় গরু জবাই এবং মাংস বিক্রির দায়ে চারটি মাংসের দোকানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১ আগস্ট) নালিতাবাড়ী পৌর শহরের দক্ষিণ বাজার ও আড়াইআনী বাজারের মাংস মহলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল মালেক। প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে একটি ভটভটিতে করে জবুথবু ও মৃতপ্রায় একটি গরু দক্ষিণ বাজারের মাংস মহলে আনা হয়। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা গণমাধ্যমকর্মী ও প্রশাসনকে অবহিত করেন। পরে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে গরুটি গুরুতর অসুস্থ ও মৃতপ্রায় ছিল বলে নিশ্চিত হওয়া যায়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইউএনও আব্দুল মালেক। অসুস্থ পশু জবাইয়ের অপরাধে লালন ভাইয়ের মাংসের দোকান-কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযোগে জানা যায়, লালন ভাইয়ের মাংসের দোকানটি আগে হাফিজ ভাইয়ের মাংসের দোকান নামে পরিচালিত হতো। এর আগেও অসুস্থ গরু জবাইয়ের দায়ে প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়েছিল এবং মাংস জব্দ করা হয়। একই অভিযানে পশুর স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই মাংস বিক্রির দায়ে দক্ষিণ বাজারের বাবুলের মাংসের দোকান এবং আড়াইআনী বাজারের সাইফুলের মাংসের দোকান ও আল্লাহর দান মাংসের দোকান-কে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান চলাকালে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. আবু সায়েম, ভেটেরিনারি সার্জন সাগর আহমেদসহ স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে নিরাপদ মাংস সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
10:18 pm, Saturday, 1 August 2026
শিরোনাম :
শেরপুরে অসুস্থ গরু জবাইয়ের দায়ে ৪ মাংসের দোকানকে জরিমানা
-
MIT ERP
- Update Time : 09:16:33 pm, Saturday, 1 August 2026
- 6
Tag :
Popular Post






















