খাল খননে কোনো ধরনের অনিয়ম হলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। গতকাল বৃহস্পতিবার বিকেলে রংপুর নগরীর কুকরুল এলাকায় জিয়া খাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান। ত্রাণমন্ত্রী বলেন, খালের দুই পাশের গাছ পরিচর্যা ও সুরক্ষার জন্য সামাজিক চুক্তির আওতায় বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। এই কর্মসূচির আওতায় স্থানীয় হতদরিদ্র মানুষ ও নারীদের সঙ্গে প্রতি এক থেকে দুই কিলোমিটার এলাকার গাছ রক্ষণাবেক্ষণের জন্য চুক্তি করা হবে। এতে স্থানীয়রা গাছের প্রাপ্ত সুবিধার একটি অংশ পাবেন এবং তারা গাছগুলোর দেখাশোনার দায়িত্বও পালন করবেন। নির্বাচনি ইশতেহার অনুযায়ী পাঁচ বছরে ২৫ হাজার কিলোমিটার খাল খননের প্রতিশ্রুতির কথা উল্লেখ করে তিনি জানান, প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার পরপরই এই কর্মসূচির উদ্বোধন করেন এবং বর্তমানে খাল খনন কার্যক্রম দেশজুড়ে চলমান রয়েছে। জিয়া খাল প্রসঙ্গে মন্ত্রী বলেন, ১৯৭৭ সালে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজ হাতে এই খাল খনন শুরু করেছিলেন। ঐতিহ্যবাহী এই খালটি পুনঃখনন করে পুনরুদ্ধার করা হবে এবং খালের দুই পাশে নগরবাসীর ঘুরে বেড়ানোর উপযোগী সুন্দর পরিবেশ গড়ে তোলা হবে। এর আগে মন্ত্রী রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভায় অংশ নেন এবং হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। পরিদর্শন শেষে তিনি হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়নে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানান। মন্ত্রী বলেন, আগামী দুই মাসের মধ্যে রংপুর মেডিকেলে বিদ্যমান ১০টি আইসিইউ বেডের পাশাপাশি আরও ১০টি নতুন আইসিইউ বেড চালু করা হবে। এ ছাড়া হাসপাতালের নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে পুরো এলাকা সিসি ক্যামেরার আওতায় আনা হবে এবং ভেতরে গড়ে ওঠা সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। সেবা সহজ ও উন্নত করতে আউটসোর্সিংয়ের মাধ্যমে প্রয়োজনীয় জনবল বৃদ্ধির উদ্যোগ নেওয়া হচ্ছে। হাসপাতালের জনবল সংকটের বিষয়টি উল্লেখ করে ত্রাণমন্ত্রী জানান, এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে দ্রুত সমাধান করা হবে। পাশাপাশি লাশ পরিবহনকে কেন্দ্র করে সক্রিয় সিন্ডিকেট বন্ধে অ্যাম্বুলেন্সের তালিকা তৈরি, নির্দিষ্ট ভাড়া নির্ধারণ ও চালানের মাধ্যমে অর্থ পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে এবং এজন্য একটি কমিটিও গঠন করা হয়েছে। হাসপাতালে রোগীদের নিরাপত্তা নিশ্চিতে ইতোমধ্যে পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে, যেখানে যে কেউ সরাসরি গিয়ে অভিযোগ জানাতে পারবেন। এ ছাড়া চিকিৎসক, নার্স ও কর্মচারীদের জন্য আলাদা পোশাক নিশ্চিত করা এবং রোগীর সঙ্গে কেবল একজন স্বজনকে প্রবেশের সুযোগ দেওয়ার নিয়ম কড়াকড়ি করার নির্দেশনা দেওয়া হয়েছে। এসময় আরও উপস্থিত ছিলেন রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শামসুজ্জামান সামু, রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম এমডিসি, জেলা প্রশাসক রুহুল আমিন, রংপুর মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
4:00 am, Friday, 31 July 2026
শিরোনাম :
কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ত্রাণমন্ত্রী দুলুর
-
MIT ERP
- Update Time : 02:41:59 am, Friday, 31 July 2026
- 2
Tag :
Popular Post








