চট্টগ্রামের আনোয়ara উপজেলা নির্বাচন অফিসে নতুন ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশ্লিষ্ট সেবা নিতে গিয়ে সাধারণ মানুষকে নানাভাবে হয়রানির শিকার হতে হচ্ছে। ভুক্তভোগীদের দাবি, নির্বাচন কমিশনের (ইসি) সরকারি গেজেটে উল্লেখ নেই এমন বাধ্যতামূলক অতিরিক্ত কাগজপত্র জমা দিতে তাদের বাধ্য করা হচ্ছে। এসব কাগজপত্র না দিলে কোনো আবেদনই গ্রহণ করা হচ্ছে না। সেবাপ্রার্থী, জনপ্রতিনিধি এবং নির্বাচন অফিস-সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা যায়, উপজেলা নির্বাচন অফিসে নতুন ভোটার নিবন্ধনের ক্ষেত্রে ২২ দফার একটি নির্দেশনা অনুসরণ করা হচ্ছে। এর ফলে আবেদনকারীদের অন্তত ৯ ধরনের কাগজপত্র সংগ্রহ করে আনতে বলা হচ্ছে, যার একটি বড় অংশই গেজেটবহির্ভূত। ডিজিটাল জন্ম নিবন্ধন, শিক্ষাগত যোগ্যতার সনদ এবং মা-বাবার জাতীয় পরিচয়পত্রসহ প্রয়োজনীয় সব নথি জমা দেওয়ার পরও অতিরিক্ত কাগজপত্র চাওয়ায় চরম ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। বিশেষ করে যাদের মা-বাবার এনআইডি নেই, যারা দীর্ঘদিন প্রবাসে ছিলেন অথবা যাদের অভিভাবক মৃত—তাদের জন্য এই জটিলতার শেষ নেই। ভুক্তভোগী আশিক নামের এক আবেদনকারী বলেন, ‘সরকারি নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় সব কাগজপত্র জমা দেওয়ার পরও বারবার নতুন কাগজপত্র আনতে বলা হচ্ছে। একটি সাধারণ কাজ সম্পন্ন করতে একাধিকবার এই অফিসে দৌড়াতে হচ্ছে।’ অপর ভুক্তভোগী নাহিদা আক্তার বলেন, ‘আমার কোনো শিক্ষাগত যোগ্যতার সনদপত্র নেই। নির্বাচন কমিশনের গেজেটে এটি বাধ্যতামূলক না হলেও আমাকে এই কাগজ জমা দেওয়ার জন্য জোর করা হচ্ছে।’ এ বিষয়ে ইউএনও মো. মহিন উদ্দিন এবং উপজেলা নির্বাচন অফিসার সাইফুল ইসলামের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কেউ ফোন রিসিভ করেননি। ফলে তাদের মন্তব্য নেওয়া সম্ভব হয়নি। নাগরিক সেবায় এমন জটিলতা ও হয়রানির প্রেক্ষিতে ভুক্তভোগী নাগরিক, জনপ্রতিনিধি ও স্থানীয় সচেতন মহল অবিলম্বে নির্বাচন কমিশন, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় এবং জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা এই ঘটনার দ্রুত তদন্ত দাবি করে বলেছেন, ভোটার নিবন্ধনের মতো একটি মৌলিক নাগরিক সেবা শতভাগ সহজ, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করা এখন সময়ের দাবি।
4:52 am, Friday, 31 July 2026
শিরোনাম :
নির্বাচন অফিসে সেবাপ্রার্থীদের হয়রানির অভিযোগ
-
MIT ERP
- Update Time : 03:51:22 am, Friday, 31 July 2026
- 2
Tag :
Popular Post












