ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতের দিল্লি সফরে যাবেন কি না, সে সিদ্ধান্ত পুরোপুরি বাংলাদেশের সরকারের ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তবে বাংলাদেশের সরকারপ্রধানকে ভারতে স্বাগত জানাতে ভারত অধীর আগ্রহে অপেক্ষা করছে বলেও মন্তব্য করেন তিনি। বুধবার (২৯ জুলাই) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন ভারতীয় হাইকমিশনার। দায়িত্ব গ্রহণের পর মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে এটিই ছিল তার প্রথম আনুষ্ঠানিক বৈঠক। প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফর প্রসঙ্গে দীনেশ ত্রিবেদী বলেন, এটি সম্পূর্ণ প্রধানমন্ত্রীর নিজস্ব অগ্রাধিকার ও সিদ্ধান্তের বিষয়। তবে আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারতে স্বাগত জানানোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। খুব শিগগিরই এ সফর বাস্তবায়িত হবে বলে আমরা আশাবাদী। তিনি জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকটি অত্যন্ত উষ্ণ ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক ছাড়াও সংস্কৃতি, ঐতিহ্য এবং দুই দেশের জনপ্রিয় খেলা ক্রিকেট নিয়ে আলোচনা হয়েছে। এ সময় বাংলাদেশিদের জন্য ভারতের ভিসা সেবা পুনরায় চালুর বিষয়টিও উল্লেখ করেন তিনি। তার মতে, এ উদ্যোগ দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ ও যাতায়াত আরও সহজ করবে। উল্লেখ্য, আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ভারতের নয়াদিল্লিতে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। বিমসটেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে সম্মেলনের আউটরিচ পর্বে অংশ নেওয়ার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে এ আমন্ত্রণ গ্রহণ করে তিনি দিল্লি সফর করবেন কি না, সে বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।
2:22 am, Thursday, 30 July 2026
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাতে অধীর অপেক্ষায় ভারত
-
MIT ERP
- Update Time : 12:51:22 am, Thursday, 30 July 2026
- 9
Tag :
Popular Post





















