শেরপুরের ঝিনাইগাতীতে বিলে কচুরিপানা সরানোকে কেন্দ্র করে পারিবারিক কলহের জেরে ভাতিজার লাঠির আঘাতে ছানিয়া বেগম (৫৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার (২৯ জুলাই) বিকেলে উপজেলার দড়িকালীনগর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত ছানিয়া বেগম ওই গ্রামের মোফাজ্জল হোসেনের স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার বিকেলে বাড়ির পাশের বিলে কচুরিপানা সরানো নিয়ে মোফাজ্জল হোসেনের পরিবারের সঙ্গে তার ভাতিজা শাহ আলমের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে কথা-কাটাকাটি তীব্র হলে শাহ আলম উত্তেজিত হয়ে লাঠি দিয়ে চাচী ছানিয়া বেগমের মাথায় আঘাত করেন।
এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন ও অচেতন হয়ে যান। পরে আশপাশের লোকজন ও স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর মোহাম্মদ জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার তদন্ত চলছে এবং নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ গ্রহণসহ অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।









