বর্ষার আবেগ, প্রকৃতি আর স্মৃতিকে গানের সুরে তুলে ধরেছে নতুন অ্যালবাম ‘বাদলা স্মৃতি’। শ্রাবণের এক বিকেলে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে অ্যালবামের গানগুলো। সেইসঙ্গে উন্মোচন করা হয় অ্যালবামের প্রথম মিউজিক ভিডিও ‘ভিজিয়ে দিয়ো না’। পাশাপাশি আরও দুটি মিউজিক ভিডিওর বিশেষ প্রদর্শনীও অনুষ্ঠিত হয়। ‘বাদলা স্মৃতি’ অ্যালবামের গানগুলো লিখেছেন ও মিউজিক ভিডিও পরিচালনা করেছেন শিক্ষক ও চলচ্চিত্র নির্মাতা আহসান ইমাম। বর্ষার সৌন্দর্য, মানুষের আবেগ, স্মৃতি, প্রকৃতি, মান-অভিমান এবং বাংলাদেশের চিরচেনা রূপকে কেন্দ্র করে তৈরি হয়েছে অ্যালবামটি। এতে রয়েছে একটি দেশাত্মবোধক গানও। অ্যালবামের গানগুলোতে কণ্ঠ দিয়েছেন চার তারকা শিল্পী কনা, ঝিলিক, শান সায়েক ও পিন্টু ঘোষ। সংগীতায়োজন করেছেন শান সায়েক। অ্যালবামটি নিয়ে আহসান ইমাম বলেন, অপরূপ বর্ষা, বাংলাদেশ, মানুষের আবেগ, মান-অভিমান, স্মৃতি ও প্রকৃতিকে কথায়, সুরে এবং চিত্রায়ণের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। আমাদের দেশের বর্ষা ও প্রকৃতি যেন একজন চিত্রশিল্পীর ক্যানভাস। সেই সৌন্দর্যই ‘বাদলা স্মৃতি’র মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করা হয়েছে। অ্যালবামটি প্রযোজনা করেছে মিউজিকআর্ট স্টেশন ও আলিফিয়া ডান্স অ্যাটেলিয়ার। মিউজিক ভিডিওগুলোতে মডেল হিসেবে অভিনয় করেছেন ইমতু রাতিশ, নওরিন ও জলি। সাভারের বিভিন্ন মনোরম লোকেশনে ধারণ করা হয়েছে ভিডিওগুলোর দৃশ্য। নির্মাতার ভাষ্য, বর্ষার প্রকৃত আবহ ফুটিয়ে তুলতে বৃষ্টির দিনগুলোতেই বিশেষভাবে মিউজিক ভিডিওগুলোর শুটিং করা হয়েছে।
3:33 am, Monday, 3 August 2026
শিরোনাম :
Popular Post

















