নরসিংদীর মনোহরদী এবং গাজীপুরের কাপাসিয়া উপজেলাকে পৃথক করে রেখেছে পুরাতন ব্রহ্মপুত্র নদ। এখানে একটি সেতু না থাকায় প্রতিদিন গণমানুষের ভোগান্তি চরমে। বাধাগ্রস্ত হচ্ছে এখানকার অর্থনীতি, জীবনমান নিচেমুখী। এ নদীর এক পাড়ে মনোহরদীর লেবুতলা ইউনিয়ন অন্য পাড়ে কাপাসিয়ার বারিষাব ও টোক ইউনিয়ন। দুই পাড়েই গড়ে উঠেছে বাণিজ্যিক প্রতিষ্ঠান। এই দুই উপজেলার সংযোগস্থলে সেতু নির্মাণের জন্য দীর্ঘদিন ধরে দাবি থাকলেও এখন পর্যন্ত মেলেনি কোনো আশ্বাস। ফলে বছরের পর বছর ধরে ভোগান্তি পোহাচ্ছে দুই পাড়ের হাজার হাজার মানুষ। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিন দুই তীরের হাজার হাজার শিক্ষার্থী, শিক্ষক, কৃষক, ব্যবসায়ী ও মুমূর্ষু রোগী বর্ষা মৌসুমে খেয়া নৌকা এবং শুকনা মৌসুমে বাঁশের সাঁকো দিয়ে চরম ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয়। আর বর্ষা মৌসুমে খেয়া নৌকার ওপর নির্ভর করতে গিয়ে নানা দুর্ঘটনাসহ চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দুই পাড়ের অধিষ্ঠিত বহুল জনবসতি ও হাটবাজার এবং শিক্ষা প্রতিষ্ঠান থাকায় কেবল যাতায়াতই ব্যাহত হচ্ছে না, সেতুর অভাবে শিক্ষা, চিকিৎসা, কৃষি ও ব্যবসা-বাণিজ্যসহ দুই উপজেলার অর্থনৈতিক কর্মকাণ্ড মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। এখানকার স্থানীয় মানুষের অভিমত এই সেতু নির্মিত হলে বদলে যাবে পুরো অঞ্চলের অর্থনীতির চিত্র। তাই অবিলম্বে সেতু নির্মাণের প্রকল্প গ্রহণ এবং তা দ্রুত বাস্তবায়নে জোরালো দাবি জানান দুই পাড়ের হাজার হাজার মানুষ। এ বিষয়ে উপজেলা প্রকৌশলী হরষিত কুমার সাহা জানান, ওই স্থানে সেতু নির্মাণ-সংক্রান্ত প্রকল্পটি প্রস্তাবনা আকারে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। সরকারি অনুমোদন ও প্রয়োজনীয় অর্থ বরাদ্দ মিললেই দ্রুততম সময়ের মধ্যে কাজ শুরু করা হবে।
শিরোনাম :
ব্রহ্মপুত্রে সেতুর অভাবে হাজারো মানুষের চরম ভোগান্তি
- Update Time : 03:22:22 am, Monday, 3 August 2026
- 34
Tag :
Popular Post























