সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রে সরকারি নথিতে চিকিৎসকের পদায়ন থাকলেও বাস্তবে তিনি কর্মস্থলে অনুপস্থিত। ফলে হাজার হাজার মানুষের চিকিৎসার একমাত্র ভরসাস্থল এই স্বাস্থ্যকেন্দ্র সারা বছর চিকিৎসকশূন্য অবস্থায় পড়ে আছে। অনুসন্ধানে জানা যায়, স্বাস্থ্যকেন্দ্রটিতে প্রতিদিন গড়ে ৮০ থেকে ১০০ জন রোগী চিকিৎসা নিতে আসেন। অনুমোদিত দুটি মেডিকেল অফিসারের পদ দীর্ঘদিন ধরে শূন্য থাকায় কেবল উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হুমায়ুন কবিরের ওপরই পুরো সেবার দায়িত্ব বর্তেছে। এর ওপর রয়েছে তীব্র জনবল, ওষুধ ও রক্ষণাবেক্ষণের সংকট। এই সংকট নিরসনে গত ৬ জুলাই স্বাস্থ্য অধিদপ্তর জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শাহেদুল আলম ভূঁইয়াকে এই উপস্বাস্থ্য কেন্দ্রে পদায়ন করে। তবে একই প্রজ্ঞাপনে তাকে আবার ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে সংযুক্ত করা হয়। এর ফলে কাগজে-কলমে তিনি শান্তিগঞ্জে কর্মরত থাকলেও বাস্তবে দায়িত্ব পালন করছেন ঢাকায়। অথচ তার মূল বেতন-ভাতা উত্তোলনের নির্দেশ দেওয়া হয়েছে এই পশ্চিম পাগলা উপস্বাস্থ্য কেন্দ্র থেকেই। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাদের অভিযোগ, কাগজে-কলমে চিকিৎসক দেখিয়ে গ্রামীণ জনগোষ্ঠীকে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত করা হচ্ছে। এতে সংকট দূর হওয়ার পরিবর্তে উল্টো তা আরও প্রকট আকার ধারণ করেছে। স্থানীয় সাধারণ মানুষ ও জনপ্রতিনিধিরা দ্রুত এই সংকট নিরসন করে স্থায়ী চিকিৎসক পদায়নের দাবি জানিয়েছেন।
5:20 am, Monday, 3 August 2026
শিরোনাম :
Popular Post















