বাংলাদেশি আধুনিক ও মেলোডিয়াস রক সংগীতের কথা বললেই যে নামটি সবার আগে মনে আসে, তিনি হলেন বাপ্পা মজুমদার। প্রায় তিন যুগেরও বেশি সময় ধরে তিনি তার মায়াবী কণ্ঠ আর অসাধারণ সুরের মূর্ছনায় মাতিয়ে রেখেছেন কোটি শ্রোতার হৃদয়। কখনো ব্যান্ডের ভোকাল, কখনো একক সংগীতশিল্পী, আবার কখনো গুণী সুরকার ও সংগীত পরিচালক হিসেবে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বাংলা সংগীতের এক অপরিহার্য স্তম্ভ হিসেবে। দীর্ঘ ক্যারিয়ারের পর নতুন মৌলিক গান ‘বুড়ো নাবিকের গল্প’ নিয়ে হাজির হয়েছেন তিনি। সম্পূর্ণ ভিন্নধর্মী এই গানে পিতৃত্বের রূপকধর্মী গল্প ফুটে উঠেছে। নিজের স্বপ্ন ও দূরযাত্রার বাসনা বিসর্জন দিয়ে সন্তানের ভবিষ্যতের জন্য একজন বাবার নীরব ত্যাগের গল্পই এই গান, যার কথা ও সুর করেছেন শিল্পী নিজেই। গানের মিউজিক ভিডিওতে সময়ের সঙ্গে তাল মিলিয়ে এআই প্রযুক্তির ব্যবহার করা হয়েছে। তরুণ নির্মাতা আহাদ অন্তরের নির্দেশনায় নির্মিত এই ভিডিওতে বৃদ্ধ নাবিক ও তার ছেলের চরিত্রে বাপ্পা মজুমদারকে দেখা গেছে। শিল্পী জানান, নাড়ির টানের গভীর দায়িত্ববোধ এবং পিতৃত্বের ত্যাগের ভাবনাই এই গানের মূল উপজীব্য। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তথা এআইয়ের সাহায্যে মিউজিক ভিডিও নির্মাণ নিয়ে বাপ্পা মজুমদার বলেন, ‘যেকোনো ভিডিও নির্মাণ অত্যন্ত ব্যয়সাপেক্ষ। এখন গানের যে অবস্থা সেটা ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোর মতো। সেক্ষেত্রে এআই দিয়ে ভিডিও নির্মাণ অনেক সাশ্রয়ী। কেননা এআই ভিডিও যে স্কেলে বানাচ্ছি বাস্তবে সেভাবে শুট করতে গেলে খরচের পরিমাণ হবে অনেক। বাস্তবে সম্ভব না। ওই জায়গা থেকে করা। তবে চেষ্টা করব এআই নির্ভর কাজ কমিয়ে ফেলতে। অর্গানিক ভিডিওকে প্রাধান্য দেওয়ার চেষ্টা থাকবে।’ তিনি আরও বলেন, ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে টুল হিসেবে ব্যবহার করা যেতে পারে। যেমন সাপোর্ট সিস্টেমের জন্য আমরা বিভিন্ন প্লাগইন ব্যবহার করি। সেগুলোর হার্ডওয়ারের একেকটার দাম কয়েক হাজার ডলার। কিনতে গেলে অকল্পনীয় খরচ করতে হবে। সেকারণে টুল হিসেবে প্লাগইন ব্যবহার করছি। কৃত্রিম বুদ্ধিমত্তা সেভাবে ব্যবহার করতে পারি। কিন্তু গোটা গান এআই দিয়ে বানানো অনুচিত। তাছাড়া এই গানের স্বত্বাধিকারীও এআই। আমার মনে হয় যারা এআই নিয়ে কাজ করছেন তাদের এখন এটা নিয়ে ভাবার গুরুত্বপূর্ণ সময়।’ তিন দশকের বেশি সময় ধরে সুরের হাত ধরে হাঁটছেন বাপ্পা। দীর্ঘ ক্যারিয়ারের প্রাপ্তি-প্রত্যাশা নিয়ে তিনি বলেন, ‘আমার কোনো প্রত্যাশা নাই। কারণ আমি কোনো কিছু আশা করে কাজ করি না। একটা জিনিস অবশ্য মাঝেমধ্যে পীড়া দেয়। যে উত্তেজনা নিয়ে কাজ করি পরে মনে হয় যেভাবে ভেবেছিলাম সেভাবে হচ্ছে না। তখন এক ধরনের বেদনা হয়। তবে ৩৫ বছরের ক্যারিয়ারে যে পরিমাণ ভালোবাসা, সম্মান, সমর্থন পেয়েছি নিজেকে খুব ভাগ্যবান মনে হয়।’ সম্প্রতি বাপ্পা মজুমদার তার ক্যারিয়ারের ৩০ বছর পূর্তি উপলক্ষে বড় কনসার্ট করেছেন। তিন দশকের এই দীর্ঘ যাত্রার পরও তিনি এখনো সমানভাবে ক্লান্তিহীন ও সৃষ্টিশীল। এই তো কদিন আগেই প্রযুক্তি ও আবেগের দারুণ মিশেলে প্রকাশ করলেন তার নতুন গান ‘বুড়ো নাবিকের গল্প’, যা প্রমাণ করে সময়ের সঙ্গে সঙ্গে তিনি নিজেকে প্রতিনিয়ত নতুন করে আবিষ্কার করতে ভালোবাসেন।
2:09 am, Saturday, 1 August 2026
শিরোনাম :
এআই দিয়ে ভিডিও নির্মাণ অনেক সাশ্রয়ী: বাপ্পা মজুমদার
-
MIT ERP
- Update Time : 12:50:53 am, Saturday, 1 August 2026
- 3
Tag :
Popular Post







