রাজনীতি, ক্ষমতার অপব্যবহার এবং অভিজাত সমাজের অন্ধকার বাস্তবতাকে সেলুলয়েডের ফিতায় বন্দি করতে তৈরি হচ্ছে নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’। পরিচালক মোহাম্মদ ইকবালের এই তারকাবহুল চলচ্চিত্রে একের পর এক যুক্ত হচ্ছে বড় সব চমক। কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার এবং বাংলাদেশের দর্শকপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের পর এবার সিনেমাটিতে নাম লেখালেন ঢাকাই চলচ্চিত্রের সোনালি দিনের তিন মহারথী- ওমর সানী, আমিন খান এবং কালজয়ী অভিনেত্রী রোজিনা। দেশ-বিদেশের একঝাঁক প্রতিভার এমন মেলবন্ধন ঢালিউডে নতুন এক উন্মাদনা তৈরি করেছে। চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। জানা গেছে, প্রচলিত বাণিজ্যিক সিনেমার বৃত্ত ভেঙে এটি নির্মিত হচ্ছে সম্পূর্ণ নারীপ্রধান ও সমসাময়িক বাস্তবধর্মী এক গল্পে। যেখানে কোনো নির্দিষ্ট প্রথাগত নায়ক থাকছে না। সিনেমার মূল প্রেক্ষাপট আবর্তিত হয়েছে এক যৌনকর্মীর জীবনসংগ্রামকে কেন্দ্র করে। কোনো অপরাধ না করেও যে ক্ষমতার নির্মম খেলা আর ক্ষমতাবানদের নিষ্ঠুর রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়। তার জীবনের নানা চড়াই-উতরাইয়ের মধ্য দিয়েই ফুটিয়ে তোলা হবে সমাজের বৈষম্য ও অভিজাত শ্রেণির অন্ধকার রূপ। সিনেমার নামভূমিকায় অর্থাৎ ‘চামেলি’ চরিত্রে অভিনয় করবেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় ধারাবাহিক ‘বোঝে না সে বোঝে না’ খ্যাত অভিনেত্রী মধুমিতা সরকার। এই চলচ্চিত্রের মাধ্যমেই ঢাকার বড় পর্দায় অভিষেক হবে তার। অন্যদিকে, সিনেমাটির আরেকটি অত্যন্ত শক্তিশালী ও গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন আজমেরী হক বাঁধন। এখানে তাকে দেখা যাবে একজন মানবাধিকারকর্মী তথা তুখোড় আইনজীবীর ভূমিকায়, যিনি চামেলির অধিকার আদায়ের লড়াইয়ে শামিল হন। মধুমিতা ও বাঁধনের পর সিনেমাটির বড় আকর্ষণ ঢাকাই সিনেমার তিন জনপ্রিয় তারকা ওমর সানী, আমিন খান ও রোজিনার অন্তর্ভুক্তি। পরিচালক মোহাম্মদ ইকবাল জানিয়েছেন, সিনেমাটির প্রি-প্রোডাকশনের কাজ সফলভাবে শেষ হয়েছে। নির্মাতাদের পরিকল্পনা অনুযায়ী, আগামী ২০২৭ সালের যেকোনো একটি বড় ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বহু প্রতীক্ষিত এই সিনেমা ‘গুলশানের চামেলি’।
3:00 am, Friday, 31 July 2026
শিরোনাম :
এক সিনেমায় পাঁচ প্রজন্ম: ‘গুলশানের চামেলি’ চলচ্চিত্রে তারকাবহুল কাস্টিং
-
MIT ERP
- Update Time : 01:40:34 am, Friday, 31 July 2026
- 6
Tag :
Popular Post










