আজ শনিবার (৩১ অক্টোবর) এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে। এ উপলক্ষে সকাল ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরবেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। শিক্ষা বোর্ডের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের ফলাফল জানতে পারবেন। এ জন্য https://eduboardresults.gov.bd এবং https://educationboardresults.gov.bd ও সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো অনলাইনে ফলাফল ডাউনলোড করে প্রকাশ করতে পারবে।
এ ক্ষেত্রে ওয়েবসাইটের Result অপশনে গিয়ে বোর্ড নির্বাচন এবং প্রতিষ্ঠানের EIIN নম্বর ব্যবহার করে ফলাফল সংগ্রহ করতে হবে। এ ছাড়া মোবাইল ফোনে খুদে বার্তার (SMS) মাধ্যমেও ফলাফল জানার সুযোগ থাকছে। যেকোনো মোবাইল নম্বর থেকে ১৬১৪০ নম্বরে SMS পাঠিয়ে ফলাফল পাওয়া যাবে। এ জন্য HSC লিখে বোর্ডের নামের প্রথম তিনটি অক্ষর, রোল নম্বর ও পরীক্ষার বছর উল্লেখ করে ১৬১৪০ নম্বরে বার্তাটি পাঠাতে হবে।
চলতি বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করেছেন।























