মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি আরও বিস্তৃত হওয়ার আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্য হারে বেড়েছে। অপরিশোধিত তেলের মূল্য ২ শতাংশের বেশি বৃদ্ধি পেয়ে গত ছয় মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানকে কেন্দ্র করে চলমান সংঘাত আরও তীব্র হতে পারে বলে আশঙ্কা করছেন বিনিয়োগকারীরা। এমন পরিস্থিতিতে বিশ্ববাজারে তেলের সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে, যার প্রভাব পড়েছে দামে। বাজার সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, ডিসেম্বর মাসে সরবরাহের জন্য ব্রেন্ট ক্রুডের দাম ২ দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১১৭ দশমিক ৬৪ ডলারে উঠেছে।
দিনের লেনদেনের একপর্যায়ে এই দাম ১১৮ ডলার ছাড়িয়ে যায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) মূল্য প্রায় ২ দশমিক ১ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি ব্যারেল ১০৪ দশমিক ১২ ডলারে পৌঁছেছে। এর আগে অক্টোবর মাসেও আন্তর্জাতিক বাজারে তেলের দামে উল্লেখযোগ্য ঊর্ধ্বগতি দেখা যায়। ওই মাসে ব্রেন্ট ক্রুডের মূল্য মোট ১৩ দশমিক ৬ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম ১৫ দশমিক ২ শতাংশ বৃদ্ধি পায়।
এদিকে, বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজ ঘিরে ধারাবাহিক ঘটনার কারণে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই নৌপথে এক দিনেই সুপারট্যাংকারকে কেন্দ্র করে চারটি ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। সংস্থাটির দাবি, এসব ঘটনার মধ্যে দুটি তেলবাহী ট্যাংকার ইরানি কর্তৃপক্ষের নিষিদ্ধ করা পথে চলাচলের সময় মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে।
হরমুজ প্রণালিতে এমন পরিস্থিতি অব্যাহত থাকলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের সরবরাহ আরও অনিশ্চিত হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।






















