ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রদলের উদ্যোগে ছয়টি ইউনিয়নের সমন্বয়ে শুরু হয়েছে ছয় ইউনিয়ন ব্যাপী ডে-নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট। শুক্রবার (৩০ অক্টোবর) রাত আটটায় উপজেলার বানা উচ্চ বিদ্যালয় মাঠে বানা ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে জাঁকজমকপূর্ণ পরিবেশ ও বিপুল দর্শকের উপস্থিতিতে টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় প্রধান অতিথি থেকে বক্তব্য প্রদান করেন আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া আব্বাস। খেলাটির শুভ উদ্বোধন ঘোষণা করেন আলফাডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট হেমায়েত হোসেন। অনুষ্ঠানের সার্বিক আর্থিক সহযোগিতায় ছিলেন বানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ সিরাজুল ইসলাম।
আলফাডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আব্দুল জব্বারের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদল নেতা জিসান মিয়ার সফল সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর জেলা ছাত্রদলের সহসাধারণ সম্পাদক নেয়ামত হোসেন পারভেজ ও আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব সুজন হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম দাউদ, পৌর বিএনপির প্রচার সম্পাদক কামরুজ্জামান কদর, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক লিটন মোল্যা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আমির খান ও আলফাডাঙ্গা আদর্শ কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক শেখ মাজহারুল ইসলাম লিমনসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকবৃন্দ।
ছাত্রদলের নেতাকর্মীরা জানান, যুবসমাজকে মাদকমুক্ত ও ক্রীড়ামুখী রাখতেই উপজেলা ছাত্রদলের এই ধারাবাহিক ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এই উদ্যোগ স্থানীয় ক্রীড়ামোদি ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করেছে।





















