কিশোরগঞ্জের ভৈরবে প্রবাসী রোকন হত্যাকাণ্ডের এক মাসেও জড়িতদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন ক্ষুব্ধ এলাকাবাসী।
এ সময় পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে ভৈরব থানার ওসি মাহবুবুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন আন্দোলনকারীরা। গতকাল শুক্রবার সকালে উপজেলার কালিকাপ্রসাদ এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। আন্দোলনকারীরা মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দিলে সড়কের দুপাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা।
অবরোধ চলাকালে আন্দোলনকারীরা ‘ওসি ভুয়া ভুয়া’, ‘ওসি ঘুষখোর ঘুষখোর’সহ বিভিন্ন স্লোগান দেন। তারা রোকন হত্যাকা-ের সুষ্ঠু তদন্ত, প্রকৃত আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। কর্মসূচিতে বক্তব্য দেন নিহত রোকনের বাবা ছাত্তার মিয়া, কালিকাপ্রসাদ ইউনিয়ন বিএনপির সহসভাপতি লোকজন হোসেন, ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক নয়ন মিয়া, জেলা ছাত্রদল নেতা রবিন মিয়া ও মাওলানা আজিজ মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা বলেন, একজন প্রবাসীকে হত্যার পরও দীর্ঘ সময় পেরিয়ে গেলেও আসামিরা গ্রেপ্তার না হওয়া উদ্বেগজনক। তারা দ্রুত হত্যার রহস্য উদ্ঘাটন, জড়িতদের আইনের আওতায় আনা এবং নিহত রোকনের পরিবারের জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। পরে পুলিশের আশ্বাসে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
প্রসঙ্গত, রোকন এক মাস আগে সিঙ্গাপুর থেকে ছুটিতে দেশে আসেন। গত ২৯ সেপ্টেম্বর বাড়ির পাশের একটি গাছ থেকে হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।





















