১০টি উড়োজাহাজ কিনতে ফ্রান্সের এয়ারবাস কম্পানির সঙ্গে আজ চুক্তি করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বুধবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে এ চুক্তি সাক্ষর হবে।
২৫টি বোয়িং উড়োজাহাজ কেনার পরিকল্পনার পাশাপাশি দীর্ঘমেয়াদি বহর সম্প্রসারণের অংশ হিসেবে এ চুক্তি করা হচ্ছে।
সংশ্লিষ্টরা জানান, এই চুক্তির আওতায় বিমান বহরে ৪টি এ৩৫০-৯০০ ওয়াইড-বডি এবং ৬টি এ৩২১নিও ন্যারো-বডি উড়োজাহাজ যুক্ত হবে।
চুক্তিতে স্বাক্ষর করবেন এয়ারবাস ইন্ডিয়া ও সাউথ এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক ইউর্গেন ওয়েস্টারমেয়ার এবং বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান রুমি এ হোসেন। অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর উপস্থিত থাকবেন। আশা করা হচ্ছে, ৪টি এ৩৫০-৯০০ উড়োজাহাজ বিমানের ভবিষ্যৎ দূরপাল্লার ফ্লাইট পরিচালনায় ব্যবহার করা হবে।
অন্যদিকে, ৬টি এ৩২১নিও উড়োজাহাজ ব্যবহৃত হবে আঞ্চলিক ও মাঝারি দূরত্বের রুটে। বর্তমানে বিমানের বহরে উড়োজাহাজের সংখ্যা ১৯টি। নতুন করে বোয়িং ও এয়ারবাসের উড়োজাহাজ যুক্ত হলে বহরের সংখ্যা দাঁড়াবে ৫৪টিতে।






















