ভোলার মনপুরায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে ওজোপাডিকো কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন হাজীরহাট বাজারের তিন শতাধিক ব্যবসায়ী। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় ডাকবাংলো মোড় এলাকায় উপজেলা ওজোপাডিকো কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।
ব্যবসায়ীদের অভিযোগ, দিনে-রাতে আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের কথা থাকলেও গত কয়েক মাস ধরে ২৪ ঘণ্টায় মিলছে মাত্র এক ঘণ্টা। এতে ব্যবসা-বাণিজ্যে লোকসান গুনতে হচ্ছে তাদের। প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত টানা পাঁচ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের দাবি জানান তারা। দ্রুত সমস্যার সমাধান না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন ব্যবসায়ী নেতারা। হাজীরহাট বাজার ব্যবসায়ী সমিতির সহসভাপতি হাজী নিজাম উদ্দিন ও হাজী বেলায়াত হোসেন বলেন, বিদ্যুতের অভাবে ব্যবসায়ীরা চরম ভোগান্তিতে রয়েছেন। তাই বাধ্য হয়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন তারা। উপজেলা আবাসিক প্রকৌশলী কে এম ফরিদুল ইসলাম বলেন, তিনটি জেনারেটরের মধ্যে দুটি নষ্ট থাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হচ্ছে। আগামী পাঁচ দিনের মধ্যে জেনারেটর সচল করা সম্ভব হলে হাজীরহাট বাজারে টানা তিন ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের চেষ্টা করা হবে।





















