সমাজের এতিম, অনাথ ও দুস্থ মানুষের কল্যাণে বিএনপি সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাবে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের পটিয়া উপজেলার আল-জামেয়াতুল আরাবিয়াতুল ইসলামিয়া জিরি মাদ্রাসার দুই দিনব্যাপী আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন ও দস্তারবন্দী অনুষ্ঠানের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, এতিম শিশুদের দায়িত্ব রাষ্ট্রের। এ দায়িত্ব যথাযথভাবে পালনে সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এতিম ও অসহায় মানুষের জীবনমান উন্নয়নে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। ভবিষ্যতে এসব কার্যক্রমের পরিধি আরও বাড়ানো হবে। এ সময় সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের এতিম ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, অসহায় মানুষের কল্যাণে সরকারের পাশাপাশি সমাজের বিত্তশালীদেরও দায়িত্ব রয়েছে।
কওমি মাদ্রাসার শিক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, কওমি মাদ্রাসা থেকে শিক্ষা গ্রহণ করে অনেকেই দেশের ধর্মীয় অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ বিকাশে মাদ্রাসাশিক্ষার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মাদ্রাসার প্রধান পরিচালক মাওলানা মো. খোবাইবের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন হেফাজতে ইসলামের আমির আল্লামা মাওলানা মহিবুল্লাহ বাবুনগরী, মাওলানা জুনাইদ আল হাবিব, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান ইদ্রিস মিয়া, শিল্পপতি আহমেদুল হক, মীর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুস সালাম, শিল্পপতি ফেরদৌস ওহিদ বাপ্পী, শিল্পপতি সামশুল হক এবং উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব খোরশেদ আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।






















