মানিকগঞ্জে চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফলাফলে তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেননি। এর মধ্যে একটি কলেজ থেকে মাত্র একজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিলেন। তিনিও অকৃতকার্য হয়েছেন।
শূন্য পাসের তালিকায় থাকা শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো—ঘিওর উপজেলার ড. আব্দুর রহিম খান মহিলা কলেজ, মানিকগঞ্জ সদর উপজেলার গোলাম মনির হোসেন কলেজ এবং দৌলতপুর উপজেলার বাঘুটিয়া আলিম মাদ্রাসা। প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ড. আব্দুর রহিম খান মহিলা কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নেন মাত্র একজন শিক্ষার্থী। তিনি পাস করতে পারেননি। গোলাম মনির হোসেন কলেজের সাতজন পরীক্ষার্থীর সবাই অকৃতকার্য হয়েছেন। একইভাবে বাঘুটিয়া আলিম মাদ্রাসা থেকে পরীক্ষায় অংশ নেওয়া নয়জন শিক্ষার্থীর কেউই উত্তীর্ণ হতে পারেননি। জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমির হোসেন তিনটি প্রতিষ্ঠানের শতভাগ অকৃতকার্য হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জেলার সাতটি উপজেলার ৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এবার মোট ১০ হাজার ১৪৪ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেন। তাঁদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৩ হাজার ৯১৫ জন। জিপিএ-৫ পেয়েছেন ৮৭ জন। জেলায় গড় পাসের হার ৩৮ দশমিক ৫৯ শতাংশ।












