নাটোরের নলডাঙ্গা উপজেলায় মাদকবিরোধী ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মো. সিরাজুল ইসলাম (৪৮) নামের এক ব্যক্তিকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর ২০২৬) নলডাঙ্গা উপজেলার চেউখালী এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
দণ্ডপ্রাপ্ত সিরাজুল ইসলাম চেউখালী গ্রামের মৃত আহাদ আলীর ছেলে। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চেউখালী এলাকায় মাদকবিরোধী ভ্রাম্যমান আদাল পরিচালনা করা হয়। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
নলডাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন এই ভ্রাম্যমান আদাল পরিচালনা করেন। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন এসআই মো. রাজিবুল হাসান। এছাড়া নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনোয়ার জাহানের নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস দল অভিযানে সার্বিক সহযোগিতা করে। সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন বলেন, মাদকমুক্ত সমাজ গঠন, মাদকের অপব্যবহার ও বিস্তার রোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ।
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে প্রশাসন জানায়, এ ধরনের আইনানুগ ব্যবস্থা গ্রহণে তারা সর্বদা দৃঢ়প্রতিজ্ঞ।












