কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর চট্টগ্রাম বন্দরে গ্লোবাল লিফ টোব্যাকো কোম্পানি লিমিটেডের বন্ড সুবিধায় পাকিস্তান থেকে আমদানি করা ১০ কন্টেইনারে ১৫০ মেট্রিক টন কাঁচা তামাকের চালান আটক করেছে।
ওই তামাক দিয়ে আনুমানিক ২১ দশমিক ৪৩ কোটি শলাকা প্রিমিয়াম সিগারেট উৎপাদন সম্ভব, যার সম্ভাব্য খুচরা বাজারমূল্য প্রায় ৪৯৩ কোটি ৮৬ লাখ টাকা। সূত্র জানায়, প্রাথমিক পর্যালোচনায় আমদানি মূল্যে উল্লেখযোগ্য অসংগতি পরিলক্ষিত হয়েছে। একই HS Code-এর পণ্য প্রতি কেজি ৫ দশমিক ১০ মার্কিন ডলারে অ্যাসেসমেন্ট করা হলেও আলোচ্য চালানে ঘোষিত মূল্য প্রতি কেজি ১ দশমিক ৪৫ মার্কিন ডলার। পূর্ববর্তী মূল্য বিবেচনায় সম্ভাব্য আমদানি পর্যায়ের রাজস্ব প্রায় ২১ কোটি ১২ লাখ টাকা। এ বিষয়ে বিস্তারিত তথ্য বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল চারটায় আগ্রাবাদে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয় সংবাদ সম্মেলনে জানানো হবে বলে জানিয়েছেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক সাকিব রায়হান।
























