ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য ও ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের সিনিয়র রিপোর্টার তৌহিদ রানাকে পুলিশ কমিশনারের মাধ্যমে তুলে নেওয়ার হুমকির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ডিআরইউ।
বৃহস্পতিবার ডিআরইউর কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সংগঠনটির সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান। বিবৃতিতে ডিআরইউর নেতারা বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে একজন সাংবাদিককে ভয়ভীতি প্রদর্শন এবং পুলিশ কমিশনারের মাধ্যমে তুলে নেওয়ার হুমকি দেওয়ার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক।
এ ধরনের আচরণ স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমকর্মীদের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। নেতারা বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়া, ভয়ভীতি দেখানো কিংবা প্রভাব খাটিয়ে হয়রানির চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ঘটনায় উত্থাপিত অভিযোগের সুষ্ঠু তদন্ত করে দায়ী ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।
ডিআরইউ নেতারা আরও বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং নির্ভয়ে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ বজায় রাখা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব। তৌহিদ রানার নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা। একই সঙ্গে সাংবাদিকদের প্রতি যেকোনো ধরনের হুমকি ও হয়রানির বিরুদ্ধে ডিআরইউর দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেন সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদক।
হুমকির বিষয়ে তৌহিদ রানা এ প্রতিবেদককে বলেন, ‘শরীফ উদ্দিন চৌধুরী নামের এক ব্যক্তি মোবাইল ফোনে হুমকি দেন। তিনি নিজেকে পোশাকশিল্প খাতের প্রতিষ্ঠান বিজিএমইএর চট্টগ্রামের ভাইস প্রেসিডেন্টের ভাই ও কেডিএস পরিবারের সদস্য বলে নিজেকে দাবি করেন। এছাড়া অর্থমন্ত্রীর ঘনিষ্ট বলেও শরীফ উদ্দিন নিজেকে তুলে ধরেন। ’ আশঙ্কা প্রকাশ করে তৌহিদ রানা বলেন, ‘পুলিশ কমিশনারকে দিয়ে আমাকে অপহরণ করার হুমকি দেন।
অথবা ভিন্ন কোন পন্থায় আমাকে হয়রানি করতে পারেন তিনি। সাংবাদিক হিসেবে তার বক্তব্যে আমি আশঙ্কা প্রকাশ করে সরকার ও বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা কামনা করছি।





















