রাজধানীর পিলখানায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজে শুরু হয়েছে ‘বিএনএমপিসি ন্যাশনাল সায়েন্স কার্নিভাল-২০২৬’। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১১টায় উৎসবের উদ্বোধন করেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অতিরিক্ত মহাপরিচালক ও কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মমতাজুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মো. তাজুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল মমতাজুর রহমান বলেন, বিজ্ঞান উৎসব শিক্ষার্থীদের মধ্যে গবেষণামনস্কতা ও গুরুত্বপূর্ণ দক্ষতা বিকাশে সহায়তা করে। পাশাপাশি এটি তাদের সামাজিক সচেতনতা, সৃজনশীলতা ও উপস্থাপনার সক্ষমতা বাড়ায়। এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা পাঠ্যপুস্তকের জ্ঞান বাস্তব জীবনে প্রয়োগের সুযোগ পায় এবং নতুন কিছু উদ্ভাবনে উৎসাহিত হয়।
অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মো. তাজুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিজ্ঞান উৎসব প্রাণবন্ত হয়ে উঠেছে। বিজ্ঞানচর্চার প্রসার, সৃজনশীল চিন্তার বিকাশ এবং উদ্ভাবনী কর্মকাণ্ডে শিক্ষার্থীদের উৎসাহিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। নতুন প্রজন্মের বিজ্ঞানমনস্ক শিক্ষার্থীরাই আধুনিক, প্রযুক্তিনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এবারের বিজ্ঞান উৎসবে দেশের ১৫০টি স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে প্রায় ৩০০টি বিজ্ঞানভিত্তিক প্রকল্প প্রদর্শিত হচ্ছে। উৎসবে বিজ্ঞান অলিম্পিয়াড, দেয়ালপত্রিকা, প্রকল্প উপস্থাপন, উপস্থিত বক্তৃতা, বিশ্লেষণী কুইজ, গল্পলিখন ও কম্পিউটার গেমিংসহ বিভিন্ন প্রতিযোগিতা ও সৃজনশীল কার্যক্রমের আয়োজন করা হয়েছে। এ ছাড়া জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের উদ্যোগে শিক্ষার্থীদের জন্য একটি ফোর-ডি মুভি বাস ও একটি মিউজিয়াম বাসের মাধ্যমে ভ্রাম্যমাণ বিজ্ঞান প্রদর্শনীর ব্যবস্থা রাখা হয়েছে।
আয়োজকদের আশা, এসব কার্যক্রম শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি হাতে-কলমে শেখার সুযোগ তৈরি করবে। আগামী শনিবার (৩১ অক্টোবর) বিকেল ৩টায় বিজ্ঞান উৎসবের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি দিয়েছেন শিক্ষামন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
























