কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, বাংলাদেশের মানুষ যাতে প্রকৃত অর্থে গণতান্ত্রিক ও অর্থনৈতিক স্বাধীনতার সুফল ভোগ করতে পারে, সে জন্য সবাইকে ঐক্যবদ্ধ, সচেতন ও দায়িত্বশীল থাকতে হবে। তিনি বলেন, জনগণ ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে পারবে না। শনিবার কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত ‘জুলাই স্মৃতি সমাবেশ-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, অন্যায়, অনিয়ম ও ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশের মানুষ অতীতে যেমন ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছে, ভবিষ্যতেও একইভাবে সতর্ক থাকতে হবে। তিনি অভিযোগ করেন, একটি মহল এখনো দেশের অগ্রযাত্রা ব্যাহত করতে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে এবং বিভিন্ন অজুহাতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করতে পারে। তাই জনগণকে সর্বদা সজাগ থাকার আহ্বান জানান তিনি। মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ। তবে অতীতে অন্যায়, লুটপাট, জুলুম এবং রাষ্ট্রীয় অর্থের অপব্যবহারের কারণে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই ক্ষতি কাটিয়ে শক্তিশালী অর্থনৈতিক ভিত্তির ওপর বাংলাদেশকে পুনর্গঠন করতে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানান তিনি। গণতান্ত্রিক মূল্যবোধের প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, গণতান্ত্রিক সমাজে মতপার্থক্য থাকতেই পারে। তবে ভিন্নমতের প্রতি শ্রদ্ধা, সহনশীলতা এবং জনগণের যৌক্তিক মতামতের প্রতি সম্মানই গণতন্ত্রের সৌন্দর্য। সরকার জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে দেশের স্বার্থে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবে বলেও তিনি উল্লেখ করেন। জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গে তিনি বলেন, যারা দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন, তাদের আত্মত্যাগ জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। একই সঙ্গে আন্দোলনে আহতদের চিকিৎসা, পুনর্বাসন ও কল্যাণ নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে এবং এ বিষয়ে আরও কার্যকর ভূমিকা পালন করবে। তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানে আহতদের পাশে দাঁড়ানো শুধু সরকারের নয়, সমাজেরও নৈতিক দায়িত্ব। তাদের চিকিৎসা ও পুনর্বাসনে সরকার ও সমাজের সব স্তরের মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। অনুষ্ঠানে জুলাই আন্দোলনে আহতদের চিকিৎসা সহায়তার জন্য মানবিক সংগঠন ‘বিবেক’-এর পক্ষ থেকে আর্থিক অনুদান দেওয়া হয়। এ উদ্যোগকে স্বাগত জানিয়ে মন্ত্রী বলেন, এ ধরনের মানবিক সহায়তা সমাজের দায়িত্ববোধ ও সহমর্মিতার উজ্জ্বল দৃষ্টান্ত। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ও মানবিক সংগঠন ‘বিবেক’-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইউসুফ মোল্লা টিপু। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লার জেলা প্রশাসক মিজ রোজী আক্তার, সিভিল সার্জন ডা. আলী নুর মোহাম্মদ বশীর আহমেদ এবং কুমিল্লা মডার্ন হাই স্কুলের পরিচালনা পর্ষদের সভাপতি নিজাম উদ্দিন কায়সার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেস দ্য পিপল-এর সম্পাদক সাইকুর রহমান সাগর এবং সঞ্চালনা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, কুমিল্লা মহানগরের সাবেক আহ্বায়ক আবু রায়হান।
10:45 pm, Saturday, 1 August 2026
শিরোনাম :
গণতন্ত্র ও অর্থনৈতিক স্বাধীনতার সুফল নিশ্চিত করতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান কৃষিমন্ত্রীর
-
MIT ERP
- Update Time : 09:37:41 pm, Saturday, 1 August 2026
- 3
Tag :
Popular Post

























