চিকিৎসাসেবা গ্রহণ আরও সহজ ও দ্রুত করতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের বহির্বিভাগে রোগীদের জন্য ই-টিকিটিং সিস্টেম চালু করা হয়েছে। শনিবার (১ আগস্ট) সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন আনুষ্ঠানিকভাবে এই ডিজিটাল সেবার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার উপস্থিত ছিলেন। পরে তারা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পরিদর্শন করেন এবং নতুন চালু হওয়া ই-টিকিটিং ব্যবস্থার কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, এতদিন বহির্বিভাগে চিকিৎসাসেবা নিতে রোগীদের ভোরে হাসপাতালে এসে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করতে হতো। নতুন ই-টিকিটিং ব্যবস্থা চালুর ফলে রোগীদের সেই ভোগান্তি অনেকটাই কমবে। এর মাধ্যমে রোগীরা আরও দ্রুত ও সুশৃঙ্খলভাবে চিকিৎসাসেবা নিতে পারবেন। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট সূত্রে জানা গেছে, ই-টিকিটিং ব্যবস্থায় একজন রোগীকে মাত্র একবার অনলাইনে নিবন্ধন করতে হবে। নিবন্ধন সম্পন্ন হলে রোগীর তথ্য ভবিষ্যতের জন্য নিরাপদভাবে সংরক্ষিত থাকবে। পরবর্তী সময়ে চিকিৎসাসেবা নিতে গেলে নতুন করে তথ্য দিতে হবে না। এ ছাড়া রোগীর পূর্ববর্তী হাসপাতাল পরিদর্শনের তথ্য ও চিকিৎসাসংক্রান্ত রেকর্ড সংরক্ষিত থাকবে। ফলে চিকিৎসকদের জন্য রোগীর অবস্থা বুঝে দ্রুত, নির্ভুল ও কার্যকর চিকিৎসা দেওয়া আরও সহজ হবে। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাসির উদ্দীনের উদ্যোগে আধুনিক ও জনবান্ধব এই সেবা চালু করা হয়েছে। আজ শনিবার থেকেই ই-টিকিটিং সিস্টেমটি আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে।
11:37 pm, Saturday, 1 August 2026
শিরোনাম :
চিকিৎসাসেবা সহজ করতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চালু হলো ই-টিকিটিং
-
MIT ERP
- Update Time : 09:10:55 pm, Saturday, 1 August 2026
- 6
Tag :
Popular Post
























