রাজনীতি, ক্ষমতার অপব্যবহার এবং অভিজাত সমাজের অন্ধকার বাস্তবতাকে সেলুলয়েডের ফিতায় বন্দি করতে তৈরি হচ্ছে নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’। পরিচালক মোহাম্মদ ইকবালের এই তারকাবহুল চলচ্চিত্রে একের পর এক যুক্ত হচ্ছে বড় সব চমক। কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার এবং বাংলাদেশের দর্শকপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের পর এবার সিনেমাটিতে নাম লেখালেন ঢাকাই চলচ্চিত্রের সোনালি দিনের তিন মহারথী- ওমর সানী, আমিন খান এবং কালজয়ী অভিনেত্রী রোজিনা। দেশ-বিদেশের একঝাঁক প্রতিভার এমন মেলবন্ধন ঢালিউডে নতুন এক উন্মাদনা তৈরি করেছে। চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। জানা গেছে, প্রচলিত বাণিজ্যিক সিনেমার বৃত্ত ভেঙে এটি নির্মিত হচ্ছে সম্পূর্ণ নারীপ্রধান ও সমসাময়িক বাস্তবধর্মী এক গল্পে। যেখানে কোনো নির্দিষ্ট প্রথাগত নায়ক থাকছে না। সিনেমার মূল প্রেক্ষাপট আবর্তিত হয়েছে এক যৌনকর্মীর জীবনসংগ্রামকে কেন্দ্র করে। কোনো অপরাধ না করেও যে ক্ষমতার নির্মম খেলা আর ক্ষমতাবানদের নিষ্ঠুর রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়। তার জীবনের নানা চড়াই-উতরাইয়ের মধ্য দিয়েই ফুটিয়ে তোলা হবে সমাজের বৈষম্য ও অভিজাত শ্রেণির অন্ধকার রূপ। সিনেমার নামভূমিকায় অর্থাৎ ‘চামেলি’ চরিত্রে অভিনয় করবেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় ধারাবাহিক ‘বোঝে না সে বোঝে না’ খ্যাত অভিনেত্রী মধুমিতা সরকার। এই চলচ্চিত্রের মাধ্যমেই ঢাকার বড় পর্দায় অভিষেক হবে তার। চামেলি চরিত্রটির মধ্যে থাকা বিভিন্ন মনস্তাত্ত্বিক স্তর ও সংগ্রামের গল্প তাকে এই কাজে অনুপ্রাণিত করেছে। ইতোমধ্যে তিনি ঢাকার ভাষা রপ্ত করার প্রস্তুতিও শুরু করেছেন। অন্যদিকে, সিনেমাটির আরেকটি অত্যন্ত শক্তিশালী ও গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন আজমেরী হক বাঁধন। এখানে তাকে দেখা যাবে একজন মানবাধিকারকর্মী তথা তুখোড় আইনজীবীর ভূমিকায়, যিনি চামেলির অধিকার আদায়ের লড়াইয়ে শামিল হন। মধুমিতা ও বাঁধনের পর সিনেমাটির বড় আকর্ষণ ঢাকাই সিনেমার তিন জনপ্রিয় তারকা ওমর সানী, আমিন খান ও রোজিনার অন্তর্ভুক্তি। বিশেষ করে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গুণী অভিনেত্রী রোজিনা দীর্ঘদিন পর প্রধান কোনো চরিত্রে বড় পর্দায় ফিরছেন। পরিচালক মোহাম্মদ ইকবাল জানিয়েছেন, সিনেমাটির প্রি-প্রোডাকশনের কাজ সফলভাবে শেষ হয়েছে। আগামী ১ আগস্ট সিনেমাটির জমকালো মহরত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী নভেম্বর কিংবা ডিসেম্বরের দিকে বাংলাদেশ ও কলকাতার বিভিন্ন লোকেশনে শুরু হবে সিনেমাটির দৃশ্যধারণের কাজ এবং ২০২৭ সালের ঈদে মুক্তি পাবে।
4:00 am, Friday, 31 July 2026
শিরোনাম :
এক সিনেমায় পাঁচ প্রজন্ম: ‘গুলশানের চামেলি’ চলচ্চিত্রে তারার মেলা
-
MIT ERP
- Update Time : 01:46:41 am, Friday, 31 July 2026
- 3
Tag :
Popular Post











