তা’লিমুস সাবাব বাংলাদেশের চেয়ারম্যান শায়েখ আহমেদ আলী মোল্লা বলেছেন, সমাজে প্রকৃত শান্তি প্রতিষ্ঠার জন্য নৈতিকতা, সততা, মানবিকতা ও ন্যায়বিচারভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন।
ইসলামী আদর্শ মানুষকে সত্যবাদিতা, আমানতদারি, পরোপকার, সহনশীলতা ও ন্যায়পরায়ণতার শিক্ষা দেয়। এসব মূল্যবোধ ব্যক্তি ও সমাজজীবনে বাস্তবায়ন করা গেলে একটি কল্যাণমুখী সমাজ গঠন সম্ভব। শুক্রবার রাতে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়নের চন্দ্রপুর তা’লিমুল কোরআন নূরানী হাফেজিয়া মাদ্রাসার দ্বিতীয় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান মুফাচ্ছিরের বক্তব্যে তিনি এ কথা বলেন।
শায়েখ আহমেদ আলী মোল্লা আরও বলেন, ইসলামী আইনের বাস্তবায়ন না থাকায় চারদিকে আজ হানাহানি লেগে আছে। সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য কেবল বক্তব্য বা স্লোগান যথেষ্ট নয়; বরং ন্যায়বিচার নিশ্চিত করা, মানুষের মৌলিক অধিকার রক্ষা এবং দুর্নীতি ও বৈষম্য প্রতিরোধ করতে হবে। ইসলামী আইনের পূর্ণ বাস্তবায়ন ছাড়া সমাজে প্রকৃত শান্তি আসবে না।
চন্দ্রপুর দক্ষিণ পাড়া বায়তুল আমান জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মাওলানা আবুল বশার মিয়াজীর সভাপতিত্বে এবং ইমাম হোসাইনের সঞ্চালনায় মাহফিলে প্রধান অতিথি হিসেবে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সৈয়দ একরামুল হক হারুন। প্রধান আলোচক হিসেবে বয়ান পেশ করেন দাউদকান্দির জায়াগীর কামিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা শাহাদাত হোসাইন মোজাদ্দেদী।
বিশেষ অতিথি ছিলেন কনকাপৈত ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ইকবাল হোসেন মজুমদার, মোল্লা ফুয়াদ বিন মোস্তফা, মাহবুবুল হক ও আবু তাহের। এর আগে সকালে অনুষ্ঠিত মহিলা মাহফিলে বিশেষ মুফাচ্ছির হিসেবে বয়ান করেন চৌদ্দগ্রাম মদিনাতুল উলুম মাদ্রাসার পরিচালক ক্বারী ইমাম হোসাইন জিহাদী এবং নানকরা আয়েশা ছিদ্দিকা (রা.) মহিলা মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা আবুল কাশেম।
মাহফিলে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন চন্দ্রপুর তা’লিমুল কোরআন নূরানী হাফেজিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা এম ইব্রাহিম খলিল। এ সময় এলাকার যুবসমাজ ও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন স্থান থেকে আগত ধর্মপ্রাণ শ্রোতারা উপস্থিত ছিলেন। মাহফিলের অন্যতম আকর্ষণ ছিল ইসলামী সংগীত পরিবেশনা এবং মাদরাসার কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষামূলক নান্দনিক উপস্থাপন।






















