ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে আবারও সড়কে নেমেছেন রাজধানীর মিরপুর এলাকার পোশাকশ্রমিকেরা। শনিবার সকাল থেকে মিরপুর-১০, মিরপুর-১১, মিরপুর-১২ ও প্রশিকা মোড় এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা।
তাদের আন্দোলনের কারণে এসব এলাকার গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে পোশাকশ্রমিকেরা মিরপুর-১০ নম্বর গোলচত্বরে জড়ো হয়ে সড়ক অবরোধ শুরু করেন। পরে বেলা ১১টার দিকে মিরপুর-১১, মিরপুর-১২ ও প্রশিকা মোড় এলাকাতেও শ্রমিকেরা অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।
সরেজমিনে দেখা গেছে, মিরপুরের প্রধান সড়ক এবং ফুটওভার ব্রিজের নিচে বিপুলসংখ্যক পোশাকশ্রমিক জড়ো হয়েছেন। তারা বিভিন্ন দাবিতে স্লোগান দিচ্ছেন। শ্রমিকদের অবস্থানের কারণে সড়কে যানবাহন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ফলে বিভিন্ন স্থানে দীর্ঘ যানজট তৈরি হয়েছে। বিক্ষোভকে কেন্দ্র করে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।
হেলমেট ও প্রয়োজনীয় নিরাপত্তাসামগ্রী পরা পুলিশ সদস্যদের বিভিন্ন এলাকায় দায়িত্ব পালন করতে দেখা গেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাসিক ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা একযোগে এসব এলাকায় আন্দোলনে নেমেছেন। তাঁদের অবরোধের কারণে সংশ্লিষ্ট সড়কগুলোতে যান চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রতিটি এলাকায় পুলিশ সদস্যদের অবস্থান নিশ্চিত করা হয়েছে।
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের মিরপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আবুল বাসার মোল্ল্যা বলেন, বেতন বাড়ানোর দাবিতে শ্রমিকেরা মিরপুরের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে সড়ক অবরোধ করেছেন। এর ফলে কয়েকটি সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন জানান, বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা মিরপুর-১১ ও মিরপুর-১২ নম্বর এলাকায় সড়ক অবরোধ করে রেখেছেন।
তাঁদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শ্রমিকদের আন্দোলনের কারণে মিরপুরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল ব্যাহত হচ্ছে। ফলে অনেক যাত্রী মূল সড়ক এড়িয়ে বিকল্প পথে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন। পরিস্থিতি স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে দায়িত্ব পালন করছেন।
ডিএমপির ট্রাফিক মিরপুর বিভাগের উপকমিশনার মোহাম্মদ ছানোয়ার হোসেন বলেন, সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে ট্রাফিক পুলিশের সদস্যরা কাজ করছেন। যানজট কমাতে পরিস্থিতি বিবেচনায় বিভিন্ন যানবাহনকে বিকল্প সড়ক দিয়ে চলাচলের নির্দেশনা দেওয়া হচ্ছে। এদিকে মিরপুর-১১, মিরপুর-১২, প্রশিকা মোড় এবং আশপাশের এলাকায় যাতায়াতকারী নগরবাসীকে হাতে পর্যাপ্ত সময় নিয়ে বের হওয়ার পরামর্শ দিয়েছে ট্রাফিক পুলিশ।
পাশাপাশি সম্ভব হলে এসব এলাকার যানজট এড়াতে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে। উল্লেখ্য, গত কয়েক দিনেও বেতন বৃদ্ধির দাবিতে মিরপুরের বিভিন্ন এলাকায় একাধিকবার সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা।






















