২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে পাসের হারের দিক থেকে ছেলেদের চেয়ে লক্ষণীয় ব্যবধানে এগিয়ে রয়েছেন মেয়েরা। তবে সর্বোচ্চ ফল জিপিএ-৫ অর্জনের ক্ষেত্রে মেয়েদের পেছনে ফেলেছেন ছেলেরা।
প্রকাশিত ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, এবার মোট ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। তাঁদের মধ্যে ছাত্রী ৩ লাখ ৫৬ হাজার ৫২৮ জন এবং ছাত্র ২ লাখ ৯০ হাজার ১৫৭ জন। পাসের হারে ছাত্রীদের হার ৫৬ দশমিক ৩১ শতাংশ, অন্যদিকে ছাত্রদের পাসের হার ৪৭ দশমিক ৭৫ শতাংশ। অর্থাৎ পাসের হারে ছেলেদের চেয়ে মেয়েরা ৮ দশমিক ৫৬ শতাংশ পয়েন্ট এগিয়ে রয়েছেন।
তবে জিপিএ-৫ পাওয়ার পরিসংখ্যানে চিত্রটি ভিন্ন। এবার মোট ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। তাঁদের মধ্যে ছাত্র ২০ হাজার ৩৬৩ জন এবং ছাত্রী ১৯ হাজার ৭২১ জন। অর্থাৎ সর্বোচ্চ ফল অর্জনে ছেলেরা মেয়েদের তুলনায় এগিয়ে রয়েছেন। এদিকে গত বছরের তুলনায় এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও উল্লেখযোগ্যভাবে কমেছে। ২০২৫ সালে এইচএসসি ও সমমান পরীক্ষায় ৬৯ হাজার ৯৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিলেন।
সে হিসাবে এক বছরের ব্যবধানে এবার জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা কমেছে ২৯ হাজার ১৩ জন, যা গত বছরের তুলনায় প্রায় ৪২ শতাংশ কম। শনিবার (৩১ অক্টোবর) সকালে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। বোর্ডভিত্তিক জিপিএ-৫-এর হিসাবেও ছাত্র ও ছাত্রীদের মধ্যে পার্থক্য দেখা গেছে।
দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় এবার ৩৫ হাজার ৯৪৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন। তাঁদের মধ্যে ছাত্র ১৮ হাজার ১৫৫ জন এবং ছাত্রী ১৭ হাজার ৭৯৩ জন। মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ২৫০ জন। এর মধ্যে ছাত্রের সংখ্যা ২ হাজার ২৮ জন এবং ছাত্রীর সংখ্যা ১ হাজার ২২২ জন।
অন্যদিকে, কারিগরি শিক্ষা বোর্ডের ফলাফলে জিপিএ-৫ অর্জনে মেয়েরা ছেলেদের তুলনায় অনেক এগিয়ে রয়েছেন। এ বোর্ডে মোট ৮৮৬ জন শিক্ষার্থী সর্বোচ্চ জিপিএ পেয়েছেন। তাঁদের মধ্যে ১৮০ জন ছাত্র এবং ৭০৬ জন ছাত্রী। এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল গত ২ জুলাই। সূচি অনুযায়ী, লিখিত পরীক্ষা ৮ আগস্ট শেষ হওয়ার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি পরীক্ষা স্থগিত করা হয়।
পরবর্তী সময়ে স্থগিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়। এবার নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেন। তবে নিবন্ধিত পরীক্ষার্থীদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক পরীক্ষার্থী পরীক্ষায় অনুপস্থিত ছিলেন। যেভাবে দেখা যাবে পরীক্ষার ফল শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত ওয়েবসাইট থেকে ফলাফল সংগ্রহ করতে হবে।
এ জন্য eduboardresults.gov.bd অথবা educationboardresults.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে ‘Result’ অপশনে যেতে হবে। এরপর সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড নির্বাচন করে প্রতিষ্ঠানের EIIN নম্বর প্রদান করলে ফলাফল ডাউনলোড করা যাবে। এ ছাড়া পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফলাফল সংগ্রহ করতে পারবেন। পাশাপাশি শিক্ষা বোর্ডের নির্ধারিত দুটি কেন্দ্রীয় ওয়েবসাইট এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নিজস্ব ওয়েবসাইটেও পরীক্ষার ফল পাওয়া যাবে।

















