ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে বেসরকারি অ্যাম্বুলেন্সের ধর্মঘট সাত দিনের জন্য স্থগিত করা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমবায় সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বাদল মাতবর।
তিনি জানান, সাত দিনের জন্য অ্যাম্বুলেন্স ধর্মঘট স্থগিত করা হয়েছে। এর আগে পার্কিংয়ের দাবিতে মঙ্গলবার (২৭ অক্টোবর) ধর্মঘট শুরু করেন বেসরকারি অ্যাম্বুলেন্স মালিকরা। ধর্মঘটের কারণে অ্যাম্বুলেন্স সংকটে রোগী ও তাদের স্বজনদের চরম ভোগান্তিতে পড়তে হয়। কেউ চার-পাঁচ ঘণ্টা, আবার কেউ সাত থেকে আট ঘণ্টা অপেক্ষা করেও অ্যাম্বুলেন্স পাননি। পরে বাধ্য হয়ে বিকল্প যানবাহনে রোগী ও মরদেহ নিয়ে গন্তব্যের উদ্দেশে রওনা হন তারা। বুধবার সকাল থেকে হাসপাতালের জরুরি বিভাগের ফটক, কলেজ গেট, নতুন ভবনসহ আশপাশের এলাকায় অ্যাম্বুলেন্স থাকলেও অনেক চালক রোগী পরিবহন করেননি। অভিযোগ রয়েছে, সকাল থেকে দুপুর পর্যন্ত ধর্মঘটে অংশ নেওয়া মালিক সমিতির অ্যাম্বুলেন্সসহ অন্যান্য অ্যাম্বুলেন্সও হাসপাতালে প্রবেশ করতে পারেনি।


























