কুমিল্লার চৌদ্দগ্রামে একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ২৪ কেজি গাঁজা ও তিনটি মোবাইল ফোনসহ দুই মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মাদক বহনে ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করা হয়।
বুধবার (২৮ অক্টোবর) কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে। বিজিবি সূত্র জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে শিবেরবাজার বিওপির একটি বিশেষ টহল দল মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানকালে সীমান্ত থেকে প্রায় দুই কিলোমিটার ভেতরে বাংলাদেশের অভ্যন্তরীন শিবেরবাজার এলাকায় সন্দেহজনক একটি প্রাইভেট কার গতিরোধ করা হয়। পরে গাড়িটিতে তল্লাশি চালিয়ে ২৪ কেজি গাঁজা ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ২১ লাখ ১ হাজার ৯৮৯ টাকা বলে জানিয়েছে বিজিবি। আটককৃত ব্যক্তিরা এবং জব্দকৃত মাদকদ্রব্য ও প্রাইভেট কার পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে।























