দেশ ও বিদেশে সংগীতশিল্পী হিসেবে শ্রোতা সমাদৃত দিঠি আনোয়ার। সংগীত গাওয়ার পাশাপাশি তাঁকে উপস্থাপনাতেও দেখা গেছে। এর আগে টানা পাঁচ বছর আরটিভিতে প্রচারিত সংগীতবিষয়ক অনুষ্ঠান ‘এই রাত তোমার আমার’-এর উপস্থাপনা করেন তিনি।
পরবর্তীতে অন্যান্য কাজের ব্যস্ততার কারণে অনুষ্ঠানটি থেকে নিজেকে সরিয়ে নেন। তবে আরটিভির আমন্ত্রণে এই অনুষ্ঠানে এরপর বহুবার গান গেয়েছেন। সেই ধারাবাহিকতায় আবারও ‘এই রাত তোমার আমার’ অনুষ্ঠানের নিমন্ত্রণে সম্প্রতি প্রতিষ্ঠানটির নিজস্ব স্টুডিওতে বাংলাদেশের দুই জীবন্ত কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা ও সাবিনা ইয়াসমিনের জনপ্রিয় চারটি গান পরিবেশন করেছেন।
গানগুলো হচ্ছে ‘আনারকলি’ সিনেমায় গাজী মাজহারুল আনোয়ারের লেখা, সত্য সাহার সুরে সাবিনা ইয়াসমিনের গাওয়া ‘ফুল যদি ঝরে গিয়ে আজকে রাতে’, ‘বসুন্ধরা’ সিনেমায় গাজী মাজহারুল আনোয়ারের লেখা ও সত্য সাহার সুরে সাবিনা ইয়াসমিনের গাওয়া ‘রঙধনু ছড়িয়ে চেতনার আকাশে’, ‘মেহমান’ সিনেমায় গাজী মাজহারুল আনোয়ারের লেখা, আনোয়ার পারভেজের সুরে রুনা লায়লা ও খন্দকার ফারুক আহমেদের গাওয়া ‘প্রেম যেন এক ছোট্ট চিঠি’ এবং ‘মানসী’ সিনেমায় গাজী মাজহারুল আনোয়ারের লেখা ও আনোয়ার পারভেজের সুর রুনা লায়লার গাওয়া ‘মন চায় প্রতিদিন তুমি আমি একদিন’ গানগুলো গেয়েছেন দিঠি।
এই গায়িকা বলেন, ‘একটা সময় এই রাত তোমার আমার অনুষ্ঠানে উপস্থাপনা করতাম। টানা পাঁচ বছর এই অনুষ্ঠানের উপস্থাপনা করে আমি দেশ-বিদেশ থেকে ভীষণ সাড়া পেয়েছি। এখনো অনেকেই আমাকে এই অনুষ্ঠানের উপস্থাপনার জন্য বিশেষভাবে অনুরোধও করেন। তবে এখন আসলে আনুষঙ্গিক অনেক কাজে এত ব্যস্ত থাকি যে উপস্থাপনা খুব বেশি করার সুযোগ নেই। তাছাড়া নিজেকে নিয়ে বিশেষ কিছু পরিকল্পনা আছে, যে কারণে সেখানেও সময় দিতে হয়।
এবারের আয়োজনে আমাদের দেশের দুই জীবন্ত কিংবদন্তি শিল্পী শ্রদ্ধেয় রুনা আন্টি ও শ্রদ্ধেয় সাবিনা আন্টির গান পরিবেশন করেছি। যথারীতি সবগুলো গানই আমার আব্বুর লেখা। আমার পরম সৌভাগ্য এটাই যে যখন যে চ্যানেল গান গাইতে যাই বা গিয়েছি দেখা যায় যে সবগুলো গান কিংবা প্রায় সবগুলো গানই আব্বুর লেখা। তখন আসলে গান গাওয়ার প্রতিও একটা আলাদা মায়া কাজ করে।
যেন আব্বু এই গানগুলোর মধে, গানের কথার মাঝেই বেঁচে আছেন।






















