সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির করপোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (সিএসআর) ফান্ড থেকে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে অনুদান প্রদান করা হয়েছে। আগামী ২ থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত বুলগেরিয়ায় অনুষ্ঠিতব্য ২৩তম আন্তর্জাতিক জুনিয়র বিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণকারী বাংলাদেশি শিক্ষার্থীদের অনুকূলে জরুরিভিত্তিতে আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে এ অনুদান দেওয়া হয়েছে।
গতকাল সোমবার দুপুরে রাজধানীর সচিবালয়ে আয়োজিত অনুষ্ঠানে ট্রাস্টের পক্ষে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের হাতে অনুদানের চেক তুলে দেন কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান ও বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) মো. আলী হোসেন ফকির, বিপিএম। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন উপস্থিত ছিলেন।
আন্তর্জাতিক জুনিয়র বিজ্ঞান অলিম্পিয়াড বিশ্বের বিভিন্ন দেশের স্কুলপড়–য়া শিক্ষার্থীদের বিজ্ঞানভিত্তিক জ্ঞান, সৃজনশীলতা ও সমস্যা সমাধানের দক্ষতা প্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্রতিযোগিতা। এ ধরনের প্রতিযোগিতায় বাংলাদেশের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ সৃষ্টি এবং তাদের মেধা ও সম্ভাবনার বিকাশে প্রয়োজনীয় সহায়তা প্রদান জাতীয় পর্যায়ে বিজ্ঞানচর্চাকে উৎসাহিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন এ উদ্যোগের অংশীজন হতে পেরে সন্তোষ প্রকাশ করেন। তিনি মনে করেন, মেধাবী শিক্ষার্থীদের আন্তর্জাতিক পরিসরে নিজেদের যোগ্যতা তুলে ধরার সুযোগ করে দিতে প্রাতিষ্ঠানিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণ প্রজন্মের জ্ঞান, উদ্ভাবনী চিন্তা ও বৈজ্ঞানিক দক্ষতা বিকাশে এ ধরনের উদ্যোগ ইতিবাচক অবদান রাখবে।
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মিজ্ শামিম সুলতানা ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগে কমিউনিটি ব্যাংককে পাশে পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যাংকের পরিচালক ও বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেল (এইচআরএম) খোন্দকার রফিকুল ইসলাম, বিপিএম, পিপিএম এবং বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল ডিআইজি আহম্মদ মুঈদ, বিপিএম (সেবা)।






















