অবশেষে দীর্ঘ প্রায় ১১ বছর পর সরকারি চাকরিজীবীদের অপেক্ষার অবসান হতে যাচ্ছে। চলতি বছরেই নতুন পে-স্কেল বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন, ২০২৫-এর প্রতিবেদন সংক্রান্ত সুপারিশ প্রণয়ন কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা জানান।
এ বছরের মধ্যেই নতুন পে-স্কেল বাস্তবায়ন হবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘নতুন পে-স্কেল চলতি বছরের মধ্যেই বাস্তবায়িত হবে। ’ তিনি বলেন, ‘সবই হবে, তবে অধিকতর আলোচনার বিষয় আছে। আজকে একটি দিক নিয়ে আলোচনা করেছি। আরও অন্যান্য বিষয় আছে। সেসব বিষয়ে আলোচনার পর পূর্ণাঙ্গ সিদ্ধান্ত হলে তখন আপনাদের সামনে উপস্থাপন করা হবে।
’ পে-স্কেল ঘোষণার ক্ষেত্রে সরকার সব বিষয় অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বলেও জানান অর্থমন্ত্রী। এ সময় তিনি সবাইকে ধৈর্য ধরার অনুরোধ জানান। পূর্ণাঙ্গ ও চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের পর সরকারের পক্ষ থেকে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে বলেও জানান তিনি। এর আগে রোববার (১৬ আগস্ট) প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার জানিয়েছিলেন, সরকারি চাকরিজীবীদের নবম জাতীয় পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
যে কোনো মুহূর্তে এটি ঘোষণা হতে পারে। তিনি বলেছিলেন, ‘পে-স্কেল বিবেচনাধীন আছে। সরকারের কমিটমেন্ট আছে, এটা আমরা বাস্তবায়ন করব। এটি চূড়ান্ত পর্যায়ে আছে। যে কোনো মুহূর্তে পে-স্কেল ঘোষণা হতে পারে। ’ উল্লেখ্য, সর্বশেষ ২০১৫ সালে অষ্টম জাতীয় পে-স্কেল কার্যকর হয়েছিল। এরপর দীর্ঘ সময় ধরে সরকারি চাকরিজীবীরা একই বেতন কাঠামোর আওতায় বেতন-ভাতা পেয়ে আসছেন।
তবে অর্থমন্ত্রীর আজকের ঘোষণার পর নতুন পে-স্কেল নিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে।






















