যশোরের বেনাপোল চেকপোস্ট এলাকায় এক পাসপোর্টযাত্রীর কাছ থেকে টাকা ছিনতাইয়ের চেষ্টার সময় দুই ছিনতাইকারীকে হাতেনাতে আটক করেছে পুলিশ। রোববার সকালে বেনাপোল পোর্ট থানার উপপরিদর্শক (এসআই) তাপসের নেতৃত্বে পুলিশের একটি টহল দল অভিযান চালিয়ে শফিকুল ইসলাম ও সাজ্জাত আলী নামের দুই ছিনতাইকারীকে আটক করে। আটক সাজ্জাত আলী বেনাপোল পোর্ট থানার সাদিপুর গ্রামের মফিজুর রহমানের ছেলে এবং শফিকুল ইসলাম বড় আঁচড়া গ্রামের গোলাম হোসেনের ছেলে। পুলিশ জানায়, খুলনার ডুমুরিয়া উপজেলার শুভনা গ্রামের আনিতা সরদার (৬৬) ভারতে যাওয়ার উদ্দেশে বেনাপোল চেকপোস্টে বাস থেকে নামলে অভিযুক্তরা ইমিগ্রেশন-সংক্রান্ত সহায়তার কথা বলে তার কাছ থেকে নগদ ৩ হাজার ৫০০ টাকা ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় টহলরত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুজনকে হাতেনাতে আটক করে। পুলিশের ভাষ্য, আটক সাজ্জাত আলী এর আগেও একই ধরনের ঘটনায় গ্রেপ্তার হয়ে জামিনে মুক্তি পেয়েছিলেন। বেনাপোল পোর্ট থানার ওসি মো. আশরাফ হোসেন জানান, পাসপোর্টযাত্রীদের টার্গেট করে সক্রিয় ছিনতাইকারী চক্রের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। তাদের তালিকা প্রস্তুত করে আইনের আওতায় আনা হবে। আটক দুজনের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।
শিরোনাম :
বেনাপোলে পাসপোর্টযাত্রীর টাকা ছিনতাইয়ের চেষ্টাকালে আটক ২
- Update Time : 01:55:30 pm, Sunday, 2 August 2026
- 41
Tag :
Popular Post
























