ঢালিউডের রুপালী পর্দায় যুক্ত হতে যাচ্ছে এক নতুন জুটির নাম। প্রথমবারের মতো জুটি বেঁধে বড় পর্দায় হাজির হতে যাচ্ছেন তরুণ ও সম্ভাবনাময় অভিনেতা বিভান বাদল এবং নুসরাত রিতিকা। ‘নীল চোখ’ শিরোনামের একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের মাধ্যমে দর্শক এই নতুন রসায়ন দেখতে পাবেন। বগুড়ায় জন্মগ্রহণ করা বিভান বাদল স্থানীয় থিয়েটার ও ছোটপর্দায় কাজ করে দীর্ঘদিন ধরে নিজের অভিনয় দক্ষতাকে শাণিত করেছেন। তরুণ প্রজন্মের এই সম্ভাবনাময় অভিনেতা এবার নাটকের গণ্ডি পেরিয়ে বড় পর্দার প্রধান নায়ক হিসেবে পা রাখছেন। নিজের প্রথম সিনেমা এবং অভিষেক প্রসঙ্গে বিভান জানান, সিনেমায় অভিনয় করা প্রতিটি অভিনেতারই স্বপ্ন থাকে। বগুড়ার মাটিতে অভিনয় শিখে আজ বড় পর্দায় মূল চরিত্রে কাজ করার সুযোগ পাওয়াটা আমার জন্য অত্যন্ত আনন্দের ও সৌভাগ্যের। দর্শক এখানে এক অন্য বিভানকে খুঁজে পাবেন। আগামী ২৫ আগস্ট থেকে চলচ্চিত্রটির প্রথম ধাপের শুটিং শুরু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। গত ৩১ জুলাই বিকেলে রাজধানীর মগবাজারের একটি পার্টি সেন্টারে সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়েছে। নির্মাতা মনজুরুল ইসলাম মেঘ’র সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চিত্রনায়ক ও বিএনপির সাংস্কৃতিক সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল। কেক কেটে মহরতের উদ্বোধন করেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত বাংলাদেশ এনিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি ও চিত্রনায়ক আদনান আজাদ। সিনেমাটি পরিচালনা করবেন সুপিন বর্মন। পরিচালকের মতে, গল্পের দাবি ও চরিত্রের গভীরতা ফুটিয়ে তুলতেই এই দুজনকে কাস্ট করা হয়েছে। তিনি বলেন, ‘নীল চোখ (দ্য ব্লু আইজ) একটি স্বাধীনধারার সাইকোলজিক্যাল থ্রিলার ও সেমি-হরর চলচ্চিত্র। মিস্ক আল মারুফের একটি রহস্যগল্পের ভাবনা থেকে নির্মিত এ সিনেমাতে হবিগঞ্জের সাতছড়ি, চা-বাগান ও স্থানীয় আদিবাসী সংস্কৃতি তুলে ধরা হবে।’ তিনি আশা প্রকাশ করেন, চলচ্চিত্রটি দর্শকদের জন্য ভিন্নধর্মী অভিজ্ঞতা তৈরি করবে। ক্রেডো ক্রিয়েটিভ ফিল্ম’র প্রযোজক ও অভিনেতা বিভানের ভাষায়, ‘সিনেমাটির গল্পটি চমৎকার। এমন একটি সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হবে ভাবতেই ভালো লাগছে। আমি ইমরান চরিত্রে নিজের সেরাটা দিয়ে অভিনয় করব। আশা করছি, দর্শক আমাদের জুটিটা পছন্দ করবে।’ নুসরাত রিতিকা বলেন, ‘সিনেমার গল্পটি অসাধারণ। বিভানের সঙ্গে এটি আমার প্রথম কাজ হলেও আমাদের মধ্যকার বোঝাপড়া খুবই চমৎকার। আশা করছি, দর্শক পর্দায় আমাদের জুটিকে সহজ ও সাবলীলভাবে গ্রহণ করবেন।’ নির্মাতা জানান, সিনেমার মুখ্য চরিত্রে আরো অভিনয় করবেন আদনান আজাদ, মারুফ আকীব, এবিএম সোহেল রশিদ, বিধান রায়, শবনম রিতিকা ও জার্মিন প্রমুখ। সিনেমাটোগ্রাফার হিসেবে কাজ করবেন আশরাফুল ইসলাম।
2:45 am, Sunday, 2 August 2026
শিরোনাম :
প্রথমবার বিভান বাদল ও নুসরাত রিতিকা
-
MIT ERP
- Update Time : 01:16:20 am, Sunday, 2 August 2026
- 8
Tag :
Popular Post
















