ভিডিও ধারণের অতিরিক্ত উন্মাদনা কেড়ে নিলো এক যুবকের স্বাভাবিক জীবন। চট্টগ্রামের দোহাজারী রেলস্টেশনে পরিবারের সদস্যদের সঙ্গে টিকটক ভিডিও বানাতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে মোরশেদ আলম (২৫) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। বুধবার (২৯ জুলাই) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ঘটা এই মর্মান্তিক দুর্ঘটনায় তার দুই পা এবং এক হাতের অর্ধেক অংশ শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। আহত মোরশেদ আলম সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নের তৈয়ারপাড় এলাকার বাসিন্দা। স্থানীয়দের সহায়তায় তাকে দ্রুত উদ্ধার করে দোহাজারী হাসপাতালে নেওয়া হলে সেখানকার চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করেন। বর্তমানে তার শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় দোহাজারী রেলস্টেশন এলাকায় পরিবারের লোকজনকে নিয়ে টিকটক ভিডিও তৈরিতে ব্যস্ত ছিলেন মোরশেদ। ওই সময় পিডিবির একটি শান্টিং ট্রেন পেছনের ইঞ্জিন দিয়ে পুশ করে সামনে এগোচ্ছিল। চালক বারবার সাইরেন ও হর্ন বাজিয়ে সতর্ক করলেও রেললাইনের ওপর ভিডিও বানানোর নেশায় মগ্ন থাকায় মোরশেদ ও তার সঙ্গীরা সেদিকে কোনো কর্ণপাত করেননি। ট্রেনটি একেবারে কাছে চলে আসার পরও লাইন থেকে সরে না দাঁড়ানোর কারণে এই মারাত্মক দুর্ঘটনা ঘটে। দোহাজারী রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার মো. নেচার উল্লাহ এবং দোহাজারী হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মুহাম্মদ রকিবুল হাসান মারুপ এই দুর্ঘটনার সত্যতা ও যুবকের আশঙ্কাজনক অবস্থার বিষয়টি নিশ্চিত করেছেন।
4:49 am, Thursday, 30 July 2026
শিরোনাম :
টিকটক করতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে দুই পা ও এক হাত হারাল যুবক
-
MIT ERP
- Update Time : 03:39:03 am, Thursday, 30 July 2026
- 2
Tag :














