রাজশাহীর পদ্মা নদীতে ঝাউগাছ বোঝাই একটি ইঞ্জিনচালিত নৌকা ডুবে বাবা ও ছেলে নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নৌকায় থাকা অপর ছয় যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে পদ্মা নদীর মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজরা হলেন কাটাখালী থানার শ্যামপুর বালুরঘাট এলাকার বাসিন্দা মো. আফছার আলী এবং তার ছেলে মো. জিয়ারুল হক। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুরে চর মাজারদিয়া এলাকা থেকে আটজন যাত্রী ও ঝাউগাছ বোঝাই করে একটি ইঞ্জিনচালিত নৌকা লালন শাহ মুক্তমঞ্চ এলাকার উদ্দেশে রওনা দেয়। মাঝনদীতে পৌঁছালে প্রবল ঢেউয়ের কবলে পড়ে নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়। নৌকাডুবির ঘটনা দেখে পদ্মা গার্ডেন এলাকার নদীতীরে অবস্থানরত অন্যান্য নৌকার মাঝি ও স্থানীয় লোকজন দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসেন। তাদের তাৎক্ষণিক প্রচেষ্টায় আট যাত্রীর মধ্যে ছয়জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়। তবে আফছার আলী ও তার ছেলে জিয়ারুল হক নদীর স্রোতে নিখোঁজ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ বাবা-ছেলে কিংবা ডুবে যাওয়া নৌকার সন্ধান পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের ডুবুরি দল পদ্মা নদীর বিভিন্ন স্থানে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।
9:00 pm, Wednesday, 29 July 2026
শিরোনাম :
রাজশাহীতে পদ্মায় নৌকাডুবি বাবা-ছেলে নিখোঁজ
-
MIT ERP
- Update Time : 07:41:40 pm, Wednesday, 29 July 2026
- 3
Tag :
Popular Post




