ময়মনসিংহের ত্রিশালে নির্মাণাধীন একটি ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। বুধবার (২৯ জুলাই) দুপুর সোয়া ২টার দিকে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের দাইপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার রতনের ছেলে জিসান (১৮) এবং ত্রিশাল উপজেলার বিরামপুর ভাটিপাড়া এলাকার মৃত ইব্রাহিমের ছেলে সিরাজুল ইসলাম (২২)। ঘটনাস্থলে কর্মরত ঠিকাদার হাসান জানান, ভবনের ছাদে রডের কাজ শেষ হওয়ার পর কিছু রড নিচে নামানোর প্রয়োজন হয়। তিনি শ্রমিকদের রডগুলো সিঁড়ি দিয়ে নামিয়ে আনতে নির্দেশ দেন। তবে একজন শ্রমিক সিঁড়ি ব্যবহার না করে ছাদের পাশ দিয়ে রড নামানোর চেষ্টা করেন। এ সময় লম্বা রডটি ভবনের পাশ দিয়ে থাকা বিদ্যুতের লাইনের সংস্পর্শে চলে যায়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদে থাকা দুই শ্রমিক নিচে পড়ে গুরুতর আহত হন। পরে তাদের মৃত্যু হয়। ভবনের মালিক আল আমিন বলেন, নির্মাণকাজের দায়িত্ব ঠিকাদারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছিল। ঘটনার সময় আমরা কেউ ঘটনাস্থলে ছিলাম না। ছাদে রাখা রডগুলো সিঁড়ি দিয়ে নামানোর জন্য ঠিকাদার ও শ্রমিকদের আগেই নির্দেশ দেওয়া হয়েছিল। পরে ফোনে জানতে পারি, রড নামানোর সময় বিদ্যুতের সংস্পর্শে এসে দুই শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদ থেকে নিচে পড়ে যান এবং তাদের মৃত্যু হয়েছে। ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ইমতিয়াজ মাহমুদ বলেন, হাসপাতালে পৌঁছে দেখি, নিহতদের মৃত্যুসনদ প্রস্তুতের কার্যক্রম চলছিল। মরদেহ পর্যবেক্ষণ করে প্রাথমিকভাবে মনে হয়েছে, তারা বহুতল ভবন থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়েছেন। অতিরিক্ত রক্তক্ষরণেই তাদের মৃত্যু হয়েছে বলে মনে হয়। স্বজনদের কাছ থেকেও জানতে পেরেছি, কাজ করার সময় বিদ্যুতের তারের সংস্পর্শে এসে তারা নিচে পড়ে যান। ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মনসুর আহমেদ বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
1:45 am, Thursday, 30 July 2026
শিরোনাম :
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু
-
MIT ERP
- Update Time : 12:36:29 am, Thursday, 30 July 2026
- 5
Tag :
Popular Post

















