দেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেগুলোতে মোতায়েনকৃত অঙ্গীভূত আনসার সদস্যদের বেতন-ভাতা এখন থেকে সরাসরি তাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে। এ লক্ষ্যে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ২৮ জুলাই একটি গুরুত্বপূর্ণ বরাদ্দ-সংক্রান্ত আনুষ্ঠানিক পত্র জারি করেছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের উদ্যোগে দীর্ঘদিনের বেতন-ভাতা সংক্রান্ত প্রশাসনিক জটিলতা নিরসনের পথ তৈরি হয়েছে। নতুন ব্যবস্থার আওতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোতায়েনকৃত অঙ্গীভূত আনসার সদস্যদের বেতন-ভাতার জন্য স্বাস্থ্যসেবা বিভাগের বরাদ্দ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুকূলে অথোরাইজ করা হবে। ফলে অর্থ ছাড় ও বিতরণ প্রক্রিয়া আরও দ্রুত ও সহজ হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কেন্দ্রীয় আইবাস++ (iBAS++) ডিডিও মডিউলের মাধ্যমে দেশের ৪৯৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত অনুমোদিত আনসার সদস্যদের ব্যাংক অ্যাকাউন্টে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতিতে প্রতি মাসের শুরুতেই বেতন-ভাতা পাঠাবে। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মতে, এই উদ্যোগের ফলে বেতন-ভাতা বিতরণে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত হবে। একই সঙ্গে সদস্যরা ঝামেলামুক্তভাবে নির্ধারিত সময়ে বেতন-ভাতা পাবেন। বাহিনীর দাবি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত সদস্যদের জন্য চালু হওয়া এ পদ্ধতি ভবিষ্যতে অন্যান্য সরকারি প্রতিষ্ঠানে মোতায়েনকৃত অঙ্গীভূত আনসার সদস্যদের বেতন-ভাতা প্রদানের ক্ষেত্রেও একটি কার্যকর মডেল হিসেবে বিবেচিত হতে পারে। এ সিদ্ধান্তের জন্য বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
3:02 am, Thursday, 30 July 2026
শিরোনাম :
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোতায়েন আনসার সদস্যদের বেতন যাবে ব্যাংক অ্যাকাউন্টে
-
MIT ERP
- Update Time : 01:41:41 am, Thursday, 30 July 2026
- 2
Tag :
Popular Post



















