ছোট ফেনী নদীর তীব্র ভাঙন থেকে বসতবাড়ি ও কৃষি জমি রক্ষায় জিও টিউব ও ডুবুরি বাঁধের দাবিতে মানববন্ধন করেন স্থানীয় বাসিন্দারা। বুধবার (২৯ জুলাই) বিকেলে চরদরবেশ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উত্তর চরদরবেশে ইতালি মার্কেটের দক্ষিণ পাশে বায়তুন নুর জামে মসজিদের পশ্চিম ও দক্ষিণ অংশে, দুলা হাজী বাড়ির দরজা থেকে তালতলী পর্যন্ত নদী ভাঙ্গন রোধে ইতালি মার্কেট একতা যুব সংঘ ও নদীভাঙন কবলিত এলাকাবাসীর যৌথ উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ও স্থানীয় শতাধিক বাসিন্দা অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীরা ছোট ফেনী নদীর অব্যাহত ভাঙনে নিজেদের দিশেহারা পরিস্থিতির কথা তুলে ধরেন। ভাঙন প্রতিরোধে অবিলম্বে স্থায়ী সমাধান হিসেবে ‘জিও টিউব’ স্থাপন এবং ২ ভাগে বিভক্ত হওয়া নদীর এক পাশে টেকসই ‘ডুবুরি বাঁধ’ (সাবমার্সিবল বাঁধ) নির্মাণের দাবি জানান তারা। তারা অবিলম্বে ঝুঁকিপূর্ণ এলাকায় জিও টিউব ফেলে ভাঙন প্রতিরোধ এবং নদীর বাঁকা অংশ ড্রেজিংয়ের মাধ্যমে সোজা করে নদীশাসন প্রকল্প বাস্তবায়নের দাবি জানান। মানববন্ধনে বক্তারা বলেন, ২৪ এর বন্যায় মুছাপুর রেগুলেটর ভেঙে যাওয়ায় পর প্রতিবছর ছোট ফেনী নদীর ভাঙনে অসংখ্য পরিবার তাদের মাথা গোঁজার ঠাঁই ও আবাদি জমি হারিয়ে নিঃস্ব হচ্ছে। মুছাপুর রেগুলেটর পুননির্মাণ হওয়া পর্যন্ত যদি দ্রুত জিও টিউব ও ডুবুরি বাঁধের মাধ্যমে সমাধান করা না করা হয়, তবে পুরো ইতালি মার্কেট ও আশপাশের এলাকা মানচিত্র থেকে মুছে যাওয়ার ঝুঁকিতে পড়বে। আয়োজক সংগঠন ‘ইতালি মার্কেট একতা যুব সংঘ’-এর নেতৃবৃন্দ বলেন, এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি সত্ত্বেও কার্যকর পদক্ষেপের অভাবে প্রতিনিয়ত নতুন নতুন এলাকা নদীগর্ভে তলিয়ে যাচ্ছে। জনস্বার্থে দ্রুত স্থানীয় সাংসদ ও বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, পানিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ও পানি উন্নয়ন বোর্ডের (পাাউবো) আশু হস্তক্ষেপ কামনা করেন তারা। মানববন্ধনে বক্তব্য দেন চরদরবেশ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপি নেতা সেলিম রেজা, চরদরবেশ ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক নুর আলম রিয়াদ, সাবেক ইউপি সদস্য আবুল কাশেম, স্থানীয় মাহবুবুল হক, সামসুল হক, জামাল উদ্দিন, আরিফ, হোসনেয়ারা বেগম, খাদিজা বেগম, সফি উল্লাহ, মো. ইয়াসিন ও আব্দুর রহিম সহ নদীভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দারা।
4:12 am, Thursday, 30 July 2026
শিরোনাম :
ফেনী নদীর ভাঙন রক্ষায় মুছাপুর রেগুলেটর পুননির্মাণ দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
-
MIT ERP
- Update Time : 03:01:37 am, Thursday, 30 July 2026
- 4
Tag :









