বিরোধিতা করতে গিয়ে আওয়ামী লীগকে আবারও ফিরিয়ে আনার চেষ্টা করা হলে তা জুলাইয়ের শহীদদের সঙ্গে প্রতারণার শামিল হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৯ অক্টোবর) জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন এবং ওসমানী উদ্যানের আধুনিকায়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
বিরোধী দলের ভূমিকার সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, দলটি কেবল বিরোধিতা করার জন্যই বিরোধিতা করছে। জুলাইয়ের চেতনাকে ধারণ করে না বলেই তারা জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েও অংশ নেয়নি। তাঁর মতে, বিরোধী দল আবারও আগের অবস্থানে ফিরে গেছে। এ সময় তিনি দলটিকে গঠনমূলক সমালোচনা করার আহ্বান জানান। তারেক রহমান বলেন, সব বিষয়ে সবার মত এক হবে, এমনটা নয়।
তবে দেশের মানুষের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতপার্থক্য থাকার কারণে একসঙ্গে কাজ করার সুযোগ নষ্ট করা উচিত নয়। তিনি আরও বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই আন্দোলন—উভয়ের লক্ষ্য ছিল গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করা। জুলাই আন্দোলনের মধ্য দিয়ে দেশের মানুষ গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জুলাই স্মৃতিস্তম্ভে ৮১৩ জন শহীদের নাম লিপিবদ্ধ রয়েছে।
তাঁদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশে গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে এবং গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা পেয়েছে। জনগণ নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে দেশ পরিচালনার দায়িত্ব জাতীয়তাবাদী দলকে দিয়েছে। আগামী পাঁচ বছর এ সরকার দেশ পরিচালনা করবে। বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, এডিস মশা সরকারি দল কিংবা বিরোধী দল—কাউকেই আলাদাভাবে চেনে না।
তাই ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা তৈরির কার্যক্রমে বিরোধী দলের নেতাকর্মীদেরও অংশ নেওয়া উচিত। এ সময় হাসপাতালগুলোতে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার জন্য চিকিৎসকদের প্রয়োজনীয় নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

























