জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের লক্ষ্যে সাংবিধানিক ও আইনি পদক্ষেপ গ্রহণ করা সত্ত্বেও সংবিধান সংশোধনের কাজে বিরোধী দল সহযোগিতা করছে না বলে অভিযোগ তুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার রাজধানীর ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ অভিযোগ করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার এমন একটি সাংবিধানিক প্রক্রিয়া চালু করতে চায়, যাকে অনেকে সংস্কার হিসেবে অভিহিত করতে পারেন। বিরোধী দল এটিকে সংস্কার হিসেবে গ্রহণ করে সন্তুষ্ট থাকলে সরকারের কোনো আপত্তি নেই। তবে বিরোধী দল হিসেবে তারা এখন পর্যন্ত সংশোধন প্রক্রিয়ায় সহযোগিতা করছে না।
জুলাই জাতীয় সনদ তৈরির প্রেক্ষাপট তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, দীর্ঘ আলোচনা ও মতবিনিময়ের মধ্য দিয়ে এই সনদ প্রণয়ন করা হয়েছে। জুলাই জাতীয় জীবনের জন্য একটি দিকনির্দেশনা। এটি কোনো এক দিনের ঘটনা নয়; বরং ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত ধারাবাহিক গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামের পরিণতিতেই ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান সংঘটিত হয়।
তিনি বলেন, রক্তক্ষয়ী এই গণ-অভ্যুত্থানের ইতিহাস জাতির স্মৃতিতে চিরকাল জাগ্রত থাকবে এবং আগামী দিনের পথচলায় অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। ভবিষ্যতের বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রেও জুলাইকে পথনির্দেশক হিসেবে দেখেন তারা। জুলাইয়ের চেতনাকে কেবল আনুষ্ঠানিকতার মধ্যে আটকে না রাখার ওপর গুরুত্বারোপ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, সাহিত্য, নাটক ও বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে জুলাইয়ের চেতনাকে তুলে ধরতে হবে।
শুধু জুলাই মাসে কিংবা প্রতিবছর আয়োজিত অনুষ্ঠানে স্মরণ করার মধ্য দিয়ে দায়িত্ব শেষ হয়ে যায় না। সালাহউদ্দিন আহমদ আরও বলেন, শহীদদের রক্তের অঙ্গীকার, জাতির প্রত্যাশা এবং জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়িত না হওয়া পর্যন্ত শহীদদের যথাযথ মর্যাদা প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে তিনি বলেন, এ ক্ষেত্রে প্রক্রিয়ার একটি পর্যায় ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।
সনদের কিছু বিষয় সাংবিধানিক এবং কিছু বিষয় আইনসংশ্লিষ্ট। আইনি ও বিধিবিধানসংক্রান্ত বিষয়গুলোও চলমান প্রক্রিয়ার অন্তর্ভুক্ত। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, জুলাইয়ের ছাত্র-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে চায় সরকার। এ লক্ষ্য সামনে রেখে প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন পরিকল্পনা ঘোষণা করেছেন এবং সেগুলো বাস্তবায়নে কাজ করছেন।
শহীদদের আকাঙ্ক্ষাও সরকারের এসব পরিকল্পনার অন্তর্ভুক্ত বলে মন্তব্য করেন তিনি।





















