নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের কারুপল্লি পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। সোমবার (১৯ অক্টোবর) সকালে তিনি ফাউন্ডেশনের কারুপল্লি পরিদর্শন করেন।
এই সময় বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনকে ফুলের শুভেচ্ছা জানান বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলম। পরিদর্শনকালে মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশের ঐতিহ্যবাহী জামদানি বয়নশিল্পসহ বিভিন্ন লোকজ কারুশিল্পের উৎপাদন ও বিপণন প্রক্রিয়া ঘুরে দেখেন। এ সময় তিনি এসব কারুশিল্পের কাজ ও বিপণন কার্যক্রম সম্পর্কে আগ্রহ প্রকাশ করেন এবং বাংলাদেশের সমৃদ্ধ লোকজ শিল্প ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রশংসা করেন।
সংক্ষিপ্ত এ পরিদর্শনে সন্তোষ প্রকাশ করে ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ভবিষ্যতে জাদুঘরটি আরও বিস্তারিতভাবে ঘুরে দেখার আগ্রহ প্রকাশ করেন। বাংলাদেশের লোকজ শিল্প, ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি আগ্রহ প্রকাশ করে কারুপল্লি পরিদর্শন করায় মার্কিন রাষ্ট্রদূতকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন।
এই সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ লোক কারুশিল্প ফাউন্ডেশন পরিচালক কাজী মাহবুবুল আলম,উপপরিচালক (চলতি দায়িত্ব) মো. নাসিব ইসলাম অভি, গবেষণা অফিসার (চলতি দায়িত্ব) এ কে এম মুজ্জাম্মিল হক, পানাম সিটির সহকারী কাস্টোডিয়ান তানজিলুর রহমান।





















