বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঠাকুরগাঁওয়ের স্বাস্থ্যসেবার উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে। ইতোমধ্যে ২৫০ শয্যার জেলা হাসপাতালকে ৬০০ শয্যায় উন্নীত করা হয়েছে। আগামী বছর থেকেই ঠাকুরগাঁও মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। রোববার (০২ আগস্ট) ঠাকুরগাঁও ডায়াবেটিক সমিতির আয়োজনে এবং নেপালের সহযোগিতায় পাঁচ দিনব্যাপী বিনামূল্যের চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, স্বাস্থ্যসেবাকেন্দ্রিক উন্নয়ন কার্যক্রম দ্রুত বাস্তবায়নের চেষ্টা চলছে। প্রতিটি থানায় এ ধরনের আই ক্যাম্প আয়োজনের উদ্যোগ নেওয়া হবে এবং কীভাবে এসব কার্যক্রম নিয়মিত পরিচালনা করা যায়, সে বিষয়েও কাজ করা হবে। তিনি আরও বলেন, ঠাকুরগাঁওয়ের মানুষ অত্যন্ত উদ্যোগী ও পরিশ্রমী। তারা বিভিন্ন ক্ষেত্রে সফলতার পরিচয় দিয়েছেন। যেসব মানুষ সহজে চক্ষু বিশেষজ্ঞের সেবা পান না, তাদের জন্য এ ধরনের আই ক্যাম্প একটি বড় সুযোগ। এর মাধ্যমে সাধারণ মানুষ সহজেই চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবেন। ‘সবার জন্য দৃষ্টি, প্রতিটি চোখের যত্ন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত চক্ষু শিবিরে বিনামূল্যে চোখ পরীক্ষা, চিকিৎসা পরামর্শ এবং প্রয়োজনীয় রোগ নির্ণয় সেবা প্রদান করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নেপাল দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন প্রতীক কার্কি, এনএনজেএস-এর চেয়ারম্যান প্রফেসর ডা. চেত রাজ পান্ত এবং বিরাটনগর আই হাসপাতালের চেয়ারম্যান পদ্ম নারায়ণ চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও ডায়াবেটিক সমিতির সভাপতি ডা. আবু মো. খায়রুল কবির। আয়োজকরা জানান, চক্ষু শিবিরের মাধ্যমে সাধারণ মানুষের চোখের বিভিন্ন রোগ শনাক্তকরণ, প্রয়োজনীয় পরামর্শ এবং চিকিৎসাসেবা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চিকিৎসা পরামর্শের ব্যবস্থা রাখা হয়েছে। বক্তারা বলেন, দৃষ্টিশক্তি মানুষের অন্যতম মূল্যবান সম্পদ। সচেতনতা বৃদ্ধি এবং নিয়মিত চক্ষু পরীক্ষা অনেক জটিল রোগ প্রতিরোধে সহায়তা করে। এ ধরনের মানবিক উদ্যোগ স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে চিকিৎসক, সমাজসেবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং বিপুলসংখ্যক রোগী ও সেবাগ্রহীতা অংশগ্রহণ করেন। দিনব্যাপী এই চক্ষু শিবিরে শত শত মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন। আয়োজক সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও ডায়াবেটিক সমিতি প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত প্রায় ২০ হাজার চক্ষুরোগীকে চিকিৎসাসেবা দিয়েছে। এবারের চক্ষু শিবিরে চিকিৎসা নেওয়ার জন্য ৬ হাজার রোগী নিবন্ধন করেছেন। এর মধ্যে প্রায় ৩ হাজার রোগীকে চিকিৎসাসেবা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
7:56 pm, Sunday, 2 August 2026
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে বিনামূল্যের আই ক্যাম্প উদ্বোধন, প্রতিটি থানায় এমন উদ্যোগের আশ্বাস
-
MIT ERP
- Update Time : 05:41:13 pm, Sunday, 2 August 2026
- 3
Tag :
Popular Post
























