কুড়িগ্রামের রাজারহাটে জমি-সংক্রান্ত বিরোধের জেরে দেশীয় অস্ত্রের আঘাতে জাহিদুল ইসলাম জিন্নাত হত্যা মামলার প্রধান আসামি লিয়াকত হোসেন লিমনকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ। লিমন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির মীর ইসমাইল হোসেন কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক। রোববার (২ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন রাজারহাট থানার মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আতিকুর রহমান। তিনি জানান, গত বৃহস্পতিবার গাজীপুরের শ্রীপুর এলাকা থেকে লিয়াকত হোসেন লিমনকে গ্রেপ্তার করা হয়। পরে রোববার তাকে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে। এসআই আতিকুর রহমান আরও জানান, এ হত্যা মামলায় ২৮ জন আসামির মধ্যে এখন পর্যন্ত প্রধান আসামিসহ ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজারহাট উপজেলার উমরমজিদ ইউনিয়নের ডাংঘাট গ্রামে জাহিদুল ইসলাম জিন্নাত ও জয়নাল হোসেনের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে সরকারি রাস্তা নিয়ে বিরোধ চলছিল। গত ১৪ জুলাই জিন্নাত নিজের জমিতে ট্রাক্টর দিয়ে চাষ করতে গেলে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে জয়নাল হোসেনের ছেলে লিয়াকত হোসেন লিমন বল্লম দিয়ে জিন্নাতের বুকে আঘাত করেন বলে অভিযোগ ওঠে। গুরুতর আহত অবস্থায় জিন্নাতকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের বড় ভাই জয়নাল আবেদীন বাদী হয়ে রাজারহাট থানায় ২৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। নিহতের শ্যালক আসাদুজ্জামান আরিফ বলেন, পুলিশ দ্রুত সময়ের মধ্যে প্রধান আসামি লিমনকে গ্রেপ্তার করায় আমরা খুশি। বাকি আসামিদের গ্রেপ্তারেও পুলিশ তৎপর রয়েছে। আমাদের দাবি, বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তার করে মামলার অন্যান্য আইনি প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়া হোক। নিহতের ছেলে মো. সাকিব বলেন, আমার বাবাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি।
8:46 pm, Sunday, 2 August 2026
শিরোনাম :
সরকারি রাস্তা নিয়ে বিরোধের জেরে হত্যাকাণ্ড, ছাত্রশক্তির নেতা গ্রেপ্তার
-
MIT ERP
- Update Time : 07:36:43 pm, Sunday, 2 August 2026
- 7
Tag :
Popular Post
























