সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার হাওরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের চলাচল-দুর্ভোগ লাঘবে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। পচা কচুরিপানা, কাদামাটি ও আবর্জনায় ভরে যাওয়া গুরুত্বপূর্ণ সড়ক পরিষ্কার করে জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করায় স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছেন বাহিনীর সদস্যরা। রোববার (২ আগস্ট) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সুনামগঞ্জ জেলা কমান্ড্যান্টের নির্দেশনায় এবং তাহিরপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তার তত্ত্বাবধানে বাদাঘাট ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মল্লিকপুর গ্রামসংলগ্ন ফিরোজপুর-মাহাতাবপুর-মল্লিকপুর হাওর এলাকার একমাত্র সংযোগ সড়কে এ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন ইউনিয়ন দলনেতা শাহ আলী এবং আনসার কমান্ডার হযরত আলী। স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে সড়কটি পচা কচুরিপানা, দুর্গন্ধযুক্ত কাদামাটি ও বিভিন্ন আবর্জনায় ঢেকে থাকায় শিক্ষার্থী, কৃষক, নারী, শিশু এবং সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হচ্ছিল। বিশেষ করে বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও খারাপ হয়ে পড়ে এবং দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়। এমন পরিস্থিতিতে আনসার ও ভিডিপি সদস্যরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সড়ক থেকে কচুরিপানা, কাদামাটি ও আবর্জনা অপসারণ করে চলাচলের উপযোগী পরিবেশ ফিরিয়ে আনেন। এতে এলাকাবাসীর দৈনন্দিন যাতায়াতে স্বস্তি ফিরে এসেছে। ইউনিয়ন দলনেতা শাহ আলী বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী শুধু আইন-শৃঙ্খলা রক্ষায় নয়, জনসেবামূলক কর্মকাণ্ডেও সবসময় মানুষের পাশে রয়েছে। মানুষের কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। স্থানীয়দের মতে, সরকারি কোনো বরাদ্দের অপেক্ষা না করে আনসার ও ভিডিপি সদস্যরা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে যে জনকল্যাণমূলক উদ্যোগ নিয়েছেন, তা সত্যিই অনুকরণীয়। তাদের এ মানবিক উদ্যোগে বহু মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান হয়েছে। এলাকাবাসী আরও বলেন, জনসেবা ও সামাজিক দায়বদ্ধতার এমন উদ্যোগ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাসের প্রতীকে পরিণত করছে। বিশেষ করে দুর্গম হাওরাঞ্চলে জনস্বার্থে বাহিনীর এ কার্যক্রম ব্যাপক প্রশংসা অর্জন করেছে।
6:50 pm, Sunday, 2 August 2026
শিরোনাম :
স্বেচ্ছাশ্রমে সড়ক পরিষ্কার, হাওরবাসীর দুর্ভোগ কমাল আনসার-ভিডিপি
-
MIT ERP
- Update Time : 05:30:47 pm, Sunday, 2 August 2026
- 4
Tag :
Popular Post

























