নারায়ণগগঞ্জ শহরের প্রাণকেন্দ্র চাষাড়ায় অবস্থিত শহীদ জিয়া হল নতুন করে নির্মাণ করা হচ্ছে। বর্তমানে জরাজীর্ণ ভবনটি ভেঙ্গে সেই জায়গায় ১২০ কোটি টাকায় নির্মাণ করা হবে ১১ তলা বিশিষ্ট ভবন। বিষয়টি নিশ্চিত করেছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে চাষাড়ায় জাইকার অর্থায়নে নতুন ভবন নির্মাণের লক্ষ্যে সয়েল টেস্ট কার্যক্রমের উদ্বোধন করেন প্রশাসক সাখাওয়াত হোসেন।
নাসিক সূত্রে জানা গেছে, ভবনটির দুই তলা থাকবে মাটির নিচে। সেখানে প্রায় ৫০০ গাড়ি রাখার ব্যবস্থা থাকবে। পাশাপাশি নাট্যশালা, লাইব্রেরি, কমিউনিটি সেন্টার ও প্রশিক্ষণকেন্দ্রসহ সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনার নানা সুবিধা। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম এবং নাসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নূর কুতুবুল আলম।
সাখাওয়াত হোসেন বলেন, ‘আমি মনে করি, এটি নারায়ণগঞ্জের একটি সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে গড়ে উঠবে। এখান থেকে নারায়ণগঞ্জের মানুষ বাংলাদেশসহ সারা পৃথিবীতে তাদের সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরার সুযোগ পাবে। ’ প্রকল্পের অর্থায়ন প্রসঙ্গে নাসিক প্রশাসক বলেন, ‘বাজেট ১২০ কোটি টাকা, পুরোটাই জাইকার অর্থায়ন। ’


















