বগুড়া সদর উপজেলার বাঘোপাড়া এলাকায় করতোয়া নদীর পাড়ঘেঁষা দুর্গম জঙ্গলে গড়ে ওঠা একটি কথিত সন্ত্রাসী আস্তানায় অভিযান চালিয়ে একটি রিভলবার, দেশীয় অস্ত্র, ইয়াবা, নগদ অর্থ ও কয়েকটি মোবাইল ফোন উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় সংঘবদ্ধ অপরাধচক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১ আগস্ট) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের তিনটি দল একযোগে ওই এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় চক্রটির কয়েকজন সদস্য পালিয়ে গেলেও রকি, রাকিব এবং অপর এক কিশোরকে আটক করা হয়। কিশোর হওয়ায় আইনগত কারণে তার পরিচয় প্রকাশ করা হয়নি। পুলিশ জানায়, করতোয়া নদীর পাড়সংলগ্ন নির্জন জঙ্গলে তাঁবু টাঙিয়ে দীর্ঘদিন ধরে আস্তানা গড়ে তুলেছিল চক্রটি। সেখান থেকেই তারা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করত বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। অভিযান শেষে একটি রিভলবার, বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র, ইয়াবা, নগদ টাকা এবং কয়েকটি মোবাইল ফোন জব্দ করা হয়। স্থানীয় বাসিন্দাদের দাবি, চক্রটির কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে এলাকায় আতঙ্ক বিরাজ করছিল। বিশেষ করে গ্রেপ্তার রকির বিরুদ্ধে ভয়ভীতি প্রদর্শন ও সন্ত্রাসী তৎপরতার অভিযোগ থাকায় অনেকেই প্রকাশ্যে মুখ খুলতে সাহস পেতেন না। জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি ইকবাল বাহার জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে একটি রিভলবার, দেশীয় অস্ত্র, ইয়াবা, নগদ অর্থ ও কয়েকটি মোবাইল ফোন। তিনি বলেন, গ্রেপ্তার রকি চক্রটির প্রধান এবং রাকিব দ্বিতীয় নেতৃত্বে ছিল। তাদের বিরুদ্ধে অস্ত্র, মাদক ও ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। তিনি আরও জানান, প্রাথমিক তদন্তে পাঁচ থেকে ছয় সদস্যের এই চক্রের বিরুদ্ধে মাদক ব্যবসার পাশাপাশি অপহরণ করে মুক্তিপণ আদায়ের মতো অপরাধে জড়িত থাকার তথ্য মিলেছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে এবং পলাতক সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
4:08 pm, Sunday, 2 August 2026
শিরোনাম :
করতোয়ার জঙ্গলে ডিবির অভিযান, রিভলবারসহ গ্রেপ্তার ৩
-
MIT ERP
- Update Time : 01:50:47 pm, Sunday, 2 August 2026
- 8
Tag :
Popular Post























